বোম্বে হাইকোর্ট সম্প্রতি এক গুরুত্বপূর্ণ রায়ে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ডিপফেক ভিডিও, বিকৃত (মরফড) ছবি ও অন্যান্য অননুমোদিত কনটেন্ট অপসারণের নির্দেশ দিয়েছেন। বিচারপতি মাধব জামদারের বেঞ্চ গত বুধবার শুনানি শেষে এই রায় ঘোষণা করে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার প্রতিচ্ছবি বা পরিচয় ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচার করা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী।
প্রীতি জিনতা বোম্বে হাইকোর্টে একটি আবেদন দাখিল করেন, যেখানে তিনি অভিযোগ করেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তার নামে এআই ব্যবহার করে ডিপফেক ছবি, বিকৃত কনটেন্ট ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি দ্রুত এসব কনটেন্ট অপসারণ এবং ভবিষ্যতে তার অনুমতি ছাড়া এ ধরনের সামগ্রী ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা চেয়েছিলেন। এই মামলায় গুগল, মেটা (ফেসবুক-ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান) সহ একাধিক প্রযুক্তি সংস্থা, কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছিল।
প্রীতির আইনজীবী আদালতে জানান, প্রায় ২৭৫টি ওয়েবসাইটে অভিনেত্রীর নামে এআই-নির্মিত ভুয়া ভিডিও ও ছবি ছড়িয়ে রয়েছে। এসব কনটেন্টে অভিনেত্রীর চেহারা ও ব্যক্তিত্বের অপব্যবহার করা হয়েছে, যা তার ভাবমূর্তি ও সুনামের মারাত্মক ক্ষতি করতে পারে। আদালত পর্যবেক্ষণে বলেন, প্রীতি জিনতা গত ২৫ বছরের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রশিল্পে সক্রিয় রয়েছেন এবং নিজের একটি শক্তিশালী পরিচিতি তৈরি করেছেন। তাই তার ছবি ও পরিচয়ের অননুমোদিত ব্যবহার তার ব্যক্তিত্বের অধিকার, প্রচারসংক্রান্ত অধিকার এবং নৈতিক অধিকার লঙ্ঘন করে।
রায়ে আরও উল্লেখ করা হয় যে, এই বিষয়টি ভারতীয় সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত মতপ্রকাশের স্বাধীনতা এবং ২১ নম্বর অনুচ্ছেদে নিশ্চিত জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকারের সঙ্গেও সম্পর্কিত। অনলাইন প্ল্যাটফর্মগুলোকে সতর্ক করে আদালত বলেন, এ ধরনের অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব। সময়মতো পদক্ষেপ না নিলে নাগরিকদের অধিকার ক্ষুণ্ন হওয়ার দায় তাদেরও বহন করতে হবে।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর প্রীতি জিনতা আবারও বলিউডে ফিরছেন। 'বাটওয়ারা ১৯৪৭' ছবির মাধ্যমে তার প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে। আমির খান প্রযোজিত এই ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকবেন সানি দেওল, শাবানা আজমি, আলি ফজলসহ আরও অনেকে। ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।




