বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এটি আরও ভালো হবে।
রোববার (২ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্রুত বিচার আইন ও অপরাধ দমন আইনের আওতায় বিচারাধীন মামলার অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, 'আমি মনে করি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। ইতিমধ্যে পরিস্থিতির উন্নতি হচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে যে ভীতি কাজ করছে, তা দূর করতে চাই। মানুষ যেন নির্ভয়ে চলাফেরা করতে পারে।'
প্রধান উপদেষ্টা বলেন, 'আমরা চাই না কেউ যেন অপরাধ করে পার পেয়ে যায়। অপরাধীরা যেন আইনের আওতায় আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তা নিশ্চিত করতে হবে।'
তিনি আরও বলেন, 'আমরা চাই, মানুষ যেন নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারে এবং রাতে ঘুমাতে পারে এই নিশ্চিন্তে যে, তারা নিরাপদ।'




