বাংলা লোকসংগীত জগতে নক্ষত্র পতন ঘটল। বিস্মৃতপ্রায় ভাটিয়ালি ও লোকগীতি আধুনিক প্রজন্মের মাঝে জনপ্রিয় করে তোলা বিশিষ্ট শিল্পী স্বাগত দে পরলোকগমন করেছেন। গত বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

তাঁর গাওয়া ‘ময়না ছলাৎ ছলাৎ’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং এর মাধ্যমেই তিনি শ্রোতামহলে বিশেষ খ্যাতি অর্জন করেন। নানান ধারার সংগীতের মধ্যে ভাটিয়ালিতে তাঁর দখল ছিল অসামান্য। পুরনো ও হারিয়ে যেতে বসা বহু লোকগীতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, সম্প্রতি একের পর এক দুটি স্ট্রোকের শিকার হয়েছিলেন স্বাগত দে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার থেকে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তর করেছিলেন। কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়নি।

তাঁর অপ্রত্যাশিত বিদায়ে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব রাঘব চট্টোপাধ্যায় শোকজ্ঞাপন করে বলেন, 'বিদায় স্বাগত। অসাধারণ এক শিল্পীকে অকালে হারালাম। অনেক ভালোবাসা।' অপর এক সংগীতশিল্পী জোজো গভীর মর্মাহত প্রকাশ করে স্মৃতিচারণ করতে গিয়ে মন্তব্য করেছেন, 'স্বাগত এভাবে চলে যাবে, এটা সত্যিই খুব আশ্চর্যের। তারাদের দেশে ভালো থেকো…।'

শুধু সংগীত চর্চায় নিপুনই ছিলেন না, অভিনয় প্রতিভারও পরিচয় রেখেছিলেন স্বাগত দে। 'ভিঞ্চিদা' নামক চলচ্চিত্রে অভিনয় করে তিনি বেশ প্রশংসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্যা গুণগ্রাহী শোকাহত হয়ে রইলেন।