যুক্তরাজ্যে মস্তিষ্কের ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি ১৫ মাসের বেশি সময় কাটিয়েছেন। সোমবার তিনি বাংলাদেশে পৌঁছান। এর পরের দিন মঙ্গলবার গুলশানে তার বাসভবনে হাজির হন আরেক জনপ্রিয় অভিনেতা আলমগীর। সেখানে তিনি প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। এ সময় তারা স্বাস্থ্য নিয়ে নানা কথা বলেন বলে জানান নিসচার ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি আরও বলেন, আলমগীর কাঞ্চনকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন। ইলিয়াস কাঞ্চন ইতিমধ্যে অস্ত্রোপচার ও প্রায় শতাধিক কেমোথেরাপি সেশন সম্পন্ন করেছেন। তারপরও তার দৈহিক অবস্থায় কাঙ্ক্ষিত উন্নতি দেখা যায়নি। বর্তমানে তার কথা বলতে ও কোনো কিছু মনে রাখতে যথেষ্ট অসুবিধা হচ্ছে।