আগামী ৮ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুটধারী সামানজার সাঈদ। সেখানে ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়াই তাঁর লক্ষ্য। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে দেশবাসীর কাছে ভোট চেয়েছেন তিনি।
গত ১১ জুলাই তাঁর মাথায় ওঠে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট। আজ ৬ আগস্ট রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামানজার। তিনি জানান, মিস ওয়ার্ল্ডের ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগের আওতায় তিনি ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ নামে একটি প্রকল্প পরিচালনা করছেন। এই প্রকল্পের মাধ্যমে সাতটি মৌলিক স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা বাড়ানোর কাজ চলছে। বিষয়গুলো হলো— ব্যক্তিগত পরিচ্ছন্নতা, হাত ধোয়ার অভ্যাস, নিরাপদ খাদ্যাভ্যাস, নিরাপদ পানি পান, মুখ ও দাঁতের পরিচর্যা, মাসিক স্বাস্থ্যবিধি এবং পরিবেশগত পরিচ্ছন্নতা।
সামানজার জানান, ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ একটি স্বেচ্ছাসেবক-নির্ভর জাতীয় আন্দোলন। এর লক্ষ্য ব্যক্তি ও সমাজকে উন্নত স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করা। পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক স্বেচ্ছাসেবক অন্তত ১০ জনকে যুক্ত করবেন এবং প্রত্যেক স্বেচ্ছাসেবক কমপক্ষে ১০০ জনকে এই সাতটি মৌলিক স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষা দেবেন। এই ‘মাল্টিপ্লায়ার ইফেক্ট’-এর মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ১০ হাজার স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং বাংলাদেশের ১০ লাখের বেশি মানুষের কাছে জীবনরক্ষাকারী স্বাস্থ্যবিধির শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উদ্যোগটি ইতিমধ্যে সরকার, উন্নয়ন সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকের সমর্থন পেয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন, হিউম্যানিটি ফাউন্ডেশন ও দ্য ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে একটি জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলার কাজ চলছে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ বলেন, সামানজার তিন বছর ধরে ‘হাইজিন ফর হেলথ’ নিয়ে কাজ করছেন। সংগঠন হিসেবে এই উদ্যোগকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলে তিনি জানান। তাঁর আশা, আন্তর্জাতিক মঞ্চেও সামানজার দেশের জন্য গর্ব বয়ে আনবেন। সবাই তাঁর পাশে থাকলে তিনি অবশ্যই একটি অবস্থানে পৌঁছাবেন বলে মন্তব্য করেন আজরা মাহমুদ।
২০১৯ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফা নানজীবা তোরসা বলেন, মিস ওয়ার্ল্ড শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়; এখানে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সমাজের জন্য করা কাজের মূল্যায়ন করা হয়। তিনি দেশবাসীর কাছে সামানজারকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সম্পর্কে ভালো কিছু না লিখতে পারলে অন্তত খারাপ কিছু না লেখার অনুরোধ জানান। কারণ, প্রতিযোগিতায় এই মন্তব্যগুলোও দেখা হয়।




