বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুক্রবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদ এবং ছাত্রদল নেতারা ক্যাম্পাসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মন্ত্রী দুপুর ১২টা ১০ মিনিটে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচি নিয়ে তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, রাজনীতিকে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের কার্যকর প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান ও কো-চেয়ারম্যান জোবাইদা রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারে যে উদ্যোগ নিয়েছেন, তা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। জহির উদ্দিন স্বপন আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে গিয়ে উৎপাদনমুখী ও জনকল্যাণভিত্তিক রাজনীতির ধারণা প্রতিষ্ঠা করেছিলেন। কৃষি, খাল খনন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের মতো বিষয়গুলো তিনি রাজনৈতিক কর্মসূচির অপরিহার্য অংশে পরিণত করেছিলেন। একই ধারায় প্রধানমন্ত্রী তারেক রহমানও সামাজিক কর্মসূচি ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন আর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান (শিরীন) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম (ডোনার)। সঞ্চালনা করেন উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব এবং জিয়াউর রহমানের কল্যাণমুখী রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন।
জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার রাজনীতি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগের মাধ্যম নয়, বরং জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। বরিশাল বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি।




