অভিনেত্রী ক্রিস্টিন মিলিওটির বর্তমান সাফল্য এবং আন্তর্জাতিক খ্যাতি যেন এক দীর্ঘ ধৈর্য ও সংগ্রামের ফসল। ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চেরি হিলে জন্মগ্রহণকারী এই অভিনেত্রী আজ তাঁর ৪১তম জন্মদিনে পা দিলেন। ছোটবেলা থেকেই চলচ্চিত্র ও সংগীতের প্রতি তাঁর প্রবল অনুরাগ ছিল, যদিও মজার ব্যাপার হলো, শৈশবে তিনি কখনো পশুচিকিৎসক আবার কখনো ড্রাগন হওয়ার স্বপ্ন দেখতেন। অভিনয়ের নেশায় নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও মাত্র এক বছর পর পড়াশোনা ছেড়ে দেন তিনি, কারণ একাডেমিক শিক্ষার চেয়ে মঞ্চের আলো তাঁকে বেশি আকর্ষণ করছিল।

তাঁর পেশাদার জীবনের শুরুটা খুব একটা সহজ ছিল না। ২০ বছর আগে এক নাটকে অভিনয়ের সময় একজন এজেন্টের নজরে এসে ২০০৬ সালে ‘দ্য সোপ্রানোস’ সিরিজে একটি ছোট চরিত্রে সুযোগ পান। তবে সেই প্রথম সাফল্যের পর এক বছর পর্যন্ত কোনো কাজ পাননি তিনি। অডিশন দিয়ে বারবার প্রত্যাখ্যাত হওয়ার ফলে এক সময় তিনি গভীর মানসিক হতাশায় ডুবে যান। সেই সময়ের একটি স্মৃতিচারণ করে তিনি জানান, একবার এক অডিশনে কঠোর পরিশ্রমের পরও সুযোগ না পেয়ে পুরো রাস্তা গাড়িতে বসে কেঁদেছিলেন তিনি। সেই কষ্টের মুহূর্ত সামলাতে রাস্তার একটি দোকান থেকে নিজের জন্য এক জোড়া ছোট কানের দুল কিনেছিলেন। মিলিওটির মতে, ক্যারিয়ারের কঠিন সময়ে প্রত্যাখ্যানের যন্ত্রণা ভুলতে নিজেকে ছোটখাটো উপহার দেওয়া প্রয়োজন।

মিলিওটির ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয় একজন কাস্টিং ডিরেক্টরের পরামর্শ। তিনি বলেছিলেন, অন্য কারও নকল না করে নিজের স্বকীয়তা বজায় রেখে অভিনয় করতে। এই দৃষ্টিভঙ্গি তাঁর কাজের ধরন বদলে দেয়। এরপর ২০১১ সালে ‘ওয়ান্স’ মিউজিক্যালে অভিনয়ের সুযোগ আসে, যেখানে পিয়ানো বাজানোর প্রয়োজন ছিল। সংগীতের নোট পড়তে না পারলেও শেষ অডিশনের আগে মাত্র ১০ দিনে দৈনিক ৭-১০ ঘণ্টা অনুশীলন করে তিনি চরিত্রটি ছিনিয়ে নেন। এই কাজের জন্য তিনি টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান এবং সংশ্লিষ্ট অ্যালবামটি গ্র্যামি জয় করে।

২০১৩ সালে ‘হাউ আই মেট ইউর মাদার’ সিরিজে রহস্যময় ‘মাদার’ বা ট্রেসি ম্যাককনেল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী দর্শকপ্রিয়তা লাভ করেন। এরপর ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘ফার্গো’ এবং ‘ব্ল্যাক মিরর’-এর মতো প্রভাবশালী প্রজেক্টে কাজ করেন তিনি। ২০২০ সালের ‘পাম স্প্রিংস’ সিনেমাটি তাঁকে একজন বড় মাপের অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে। তবে তাঁর ক্যারিয়ারের চূড়ান্ত বাঁক আসে ২০২৪ সালে ‘দ্য পেঙ্গুইন’ সিরিজের সোফিয়া ফ্যালকোন চরিত্রের মাধ্যমে। নির্মম ও জটিল এই চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তিনি ২০২৫ সালে প্রাইমেটাইম এমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। একইসাথে তিনি ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড জয় করেন এবং গোল্ডেন গ্লোবের মনোনয়ন পান।

সাফল্যের সংজ্ঞায় মিলিওটি মনে করেন, কেবল অর্থ বা জনপ্রিয়তা বড় কথা নয়; বরং নিজের পছন্দমতো কাজ বেছে নেওয়ার স্বাধীনতা এবং ভালো মানুষদের সাথে কাজ করার সুযোগ পাওয়াটাই আসল সাফল্য। একসময় কুকুর হাঁটানোর কাজ থেকে শুরু করে ব্রডওয়ে এবং শেষ পর্যন্ত এমির মঞ্চে পৌঁছানোর এই ২০ বছরের যাত্রা প্রমাণ করে যে, অন্যের সঙ্গে তুলনা না করে নিজের স্বতন্ত্র পরিচয়কে গ্রহণ করাই উন্নতির একমাত্র পথ।