আনহাইমের ডি২৩ কনভেনশনে শনিবার রাতে ডিজনি তাদের নতুন উদ্যোগের কথা প্রকাশ করে। ২০২৩ সালের 'ইনডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অফ ডেস্টিনি' চলচ্চিত্রের পর প্রথমবারের মতো এই ভূমিকায় ফিরছেন হলিউডের খ্যাতিমান অভিনেতা হারিসন ফোর্ড। ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের অ্যানিমেল কিংডম থিম পার্কে নির্মাণাধীন নতুন আকর্ষণটিতে অ্যানিমেট্রনিক ইনডিয়ানা জোন্স হিসেবে তাকে দেখা যাবে বলে নিশ্চিত করা হয়েছে।
১৯৮১ সালে 'রেইডার্স অফ দ্য লস্ট আর্ক' সিনেমার মাধ্যমে ইনডিয়ানা জোন্স হিসেবে আত্মপ্রকাশ করেন ফোর্ড। পরবর্তীতে ১৯৮৪ সালে 'ইনডিয়ানা জোন্স অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম' এবং ১৯৮৯ সালে 'ইনডিয়ানা জোন্স অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড' ছবিতে একই চরিত্রে অভিনয় করেন তিনি। ২০০৮ সালে মূল ত্রয়ীর পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং প্রযোজক জর্জ লুকাসের সঙ্গে 'ইনডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অফ দ্য ক্রিস্টাল স্কাল' সিনেমায় ফেরেন এই অভিনেতা। সর্বশেষ জেমস ম্যাঙ্গোল্ডের পরিচালনায় 'দ্য ডায়াল অফ ডেস্টিনি' সিনেমায় কিংবদন্তি এই চরিত্রে অভিনয় করেন তিনি।
অনেকের ধারণা ছিল, 'দ্য ডায়াল অফ ডেস্টিনি'ই হতে পারে ফোর্ডের শেষ ইনডিয়ানা জোন্স অভিনয়। তবে সম্প্রতি জানা গেছে, ডিজনির নতুন আকর্ষণের জন্য আবারও এই চরিত্রে ফিরছেন তিনি। 'ইনডিয়ানা জোন্স অ্যান্ড দ্য মিথ অফ দ্য জেড সার্পেন্ট' নামের এই আকর্ষণটি নির্মাণ করা হচ্ছে ডাইনোল্যান্ড ইউ.এস.এ. অংশে, যা ২০২৫ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। এন্টারটেইনমেন্ট উইকলির খবর অনুযায়ী, ডি২৩ সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন ফোর্ড।
ভিডিও বার্তায় ফোর্ড বলেন, 'হ্যালো ডি২৩, ইনডির সব দুঃসাহসিক অভিযানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শীঘ্রই তার পরবর্তী যাত্রা শুরু হবে। প্রথমবারের মতো জানাতে পেরে আমি আনন্দিত যে, ইনডিয়ানা জোন্সের অ্যানিমেট্রনিক মডেল হিসেবে আমি নিজেই ব্যবহার করা হয়েছে — সাপের ভয়ও রয়েছে এর মধ্যে।' তবে এই আকর্ষণটি কবে চালু হবে সে বিষয়ে কিছু জানাননি ৮৪ বছর বয়সী এই অভিনেতা। শুধু বলেছেন, 'খুব শীঘ্রই'। এছাড়া রাইডে যে ইনডি চরিত্রটি দেখা যাবে, সেটি মূল ত্রয়ীর কোনো চলচ্চিত্রের ভিত্তিতে তৈরি নাকি ২০০৮ বা ২০২৩ সালের কোনো সিনেমার — সে বিষয়েও কিছু জানায়নি ডিজনি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের হলিউড স্টুডিওজ থিম পার্কে 'ইনডিয়ানা জোন্স এপিক স্টান্ট স্পেক্টাকুলার!' লাইভ শো-এর মাধ্যমে প্রথমবারের মতো এই চরিত্রটিকে জীবন্ত করে তোলা হয়। ওই শো-তে স্টান্ট অভিনেতা 'রেইডার্স অফ দ্য লস্ট আর্ক' সিনেমার সবচেয়ে রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্যগুলো নতুন করে পরিবেশন করতেন।




