২০২৬ সালের প্রথমার্ধে নেটফ্লিক্সে সিনেমা দেখার হিসাব বেশ চমকপ্রদ। স্ট্রিমিং প্ল্যাটফর্মটির প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে মোট ৯৭ বিলিয়ন ঘণ্টার কনটেন্ট দেখা হয়েছে, যেখানে দর্শকদের পছন্দের তালিকায় বিস্তৃত বৈচিত্র্য দেখা গেছে। অ্যাকশন, রোমান্স, গ্যাংস্টার ড্রামা কিংবা অ্যানিমেশন—সব ঘরানার সিনেমাই দর্শকদের মন জয় করেছে। তবে সবচেয়ে মজার বিষয় হলো, এই তালিকায় ২০২৫ সালে মুক্তি পাওয়া একটি সিনেমাও স্থান করে নিয়েছে।

সবচেয়ে বেশি দেখা সিনেমার তালিকার দশম স্থানে রয়েছে জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন অভিনীত রোমান্টিক কমেডি 'অফিস রোমান্স'। একজন সফল এয়ারলাইন প্রধান নির্বাহী ও নতুন নিয়োগ পাওয়া উচ্চাকাঙ্ক্ষী আইনজীবীর কর্মক্ষেত্রের প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে একজন নারীকে দেখানো হয়েছে, যা প্রচলিত রম-কম ধারার সমীকরণকে উল্টে দিয়েছে। ছবিটিতে বেটি গিলপিন, অ্যামি সেডারিস, টনি হেল ও ব্র্যাডলি হুইটফোর্ডের মতো অভিনেতারাও কাজ করেছেন। ৫ কোটি ৮৪ লাখ ভিউ নিয়ে সিনেমাটি তালিকায় অবস্থান করছে।

নবম স্থানে রয়েছে 'পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমর্টাল ম্যান'। ছয় মৌসুমের সিরিজ শেষ হওয়ার চার বছর পর বড় পর্দায় ফিরে এসেছে শেলবি পরিবারের গল্প। কিলিয়ান মার্ফি আবারও টমি শেলবি চরিত্রে অভিনয় করেছেন, তবে এবার গল্পের কেন্দ্রে রয়েছে তার বিচ্ছিন্ন ছেলে ডিউক। একটি নাৎসি ষড়যন্ত্রে জড়িয়ে পড়া ডিউকের নেতৃত্বের ঝুঁকি এবং টমির নির্বাসন ভেঙে ফেরা—দুই প্রজন্মের এই টানাপোড়েনই ছবির মূল আকর্ষণ। রেবেকা ফার্গুসন, টিম রথ ও স্টিফেন গ্রাহাম অভিনীত ছবিটির ভিউ ৬ কোটি ৩৯ লাখ।

'দ্য ক্র্যাশ' নামের ট্রু-ক্রাইম তথ্যচিত্রটি অষ্টম স্থানে রয়েছে। ২০২২ সালে ওহাইওর স্ট্রংসভিলে ঘটে যাওয়া এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনাকে ঘিরে নির্মিত এই ছবিতে তদন্তের অগ্রগতির সাথে সাথে দুর্ঘটনাটি আসলেই দুর্ঘটনা ছিল নাকি পরিকল্পিত অপরাধ, সেই প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। ৬ কোটি ৫২ লাখ ভিউ নিয়ে সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত তথ্যচিত্রের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে।

এমিলি বেডার ও টম ব্লাইথ অভিনীত 'পিপল উই মিট অন ভ্যাকেশন' সপ্তম স্থানে। এমিলি হেনরির জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে প্রায় এক দশক ধরে প্রতি গ্রীষ্মে একসাথে ভ্রমণ করা দুই বন্ধুর সম্পর্কের সমীকরণ বদলানোর গল্প দেখানো হয়েছে। বিপরীত স্বভাবের দুই চরিত্রের রসায়নই ছবিটির প্রাণ হিসেবে বিবেচিত। মুক্তির পর প্রথম সপ্তাহেই নেটফ্লিক্সের ইংরেজি ভাষার সিনেমার তালিকায় শীর্ষে ওঠা ছবিটি বর্তমানে ৭ কোটি ৭৭ লাখ ভিউ নিয়ে অবস্থান করছে।

ষষ্ঠ স্থানে থাকা 'থ্র্যাশ' একটি সারভাইভাল থ্রিলার, যেখানে হারিকেন আঘাতের পর উপকূলীয় শহরে ঢুকে পড়ে একদল হিংস্র হাঙর। ফোবি ডাইনেভর, ডিজিমন হাউন্সু ও হুইটনি পিক অভিনীত ছবিতে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে প্রাণঘাতী শিকারির ভয়। 'ডোন্ট লুক আপ'-এর অ্যাডাম ম্যাকে ও কেভিন মেসিক প্রযোজিত ছবিটি ১০ কোটি ভিউ পেরিয়ে গেছে।

শীর্ষ পাঁচের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে শার্লিজ থেরন ও ট্যারন এগারটন অভিনীত 'অ্যাপেক্স'। অস্ট্রেলিয়ার দুর্গম প্রাকৃতিক পরিবেশে এক নির্মম সাইকোপ্যাথের হাত থেকে পালানোর লড়াইয়ে নামা এক শোকাহত নারীর গল্প এই ছবিতে দেখানো হয়েছে। শিকারি ও শিকারের এই প্রাণঘাতী খেলায় ১২ কোটি ৯০ লাখ ভিউ নিয়ে সিনেমাটি সবার নজর কেড়েছে।

চতুর্থ স্থানে থাকা 'কে-পপ ডেমন হান্টারস' হলো ২০২৫ সালে মুক্তি পাওয়া একমাত্র সিনেমা, যা এই তালিকায় জায়গা করে নিয়েছে। কে-পপ গার্ল গ্রুপের সদস্যদের দানব শিকার করার গল্প নিয়ে তৈরি অ্যানিমেটেড মিউজিক্যাল অ্যাডভেঞ্চারটি নেটফ্লিক্সের গ্লোবাল টপ ১০-এ টানা ৫২ সপ্তাহ অবস্থান করে নতুন রেকর্ড গড়েছে। ৯৩টি দেশের সবকটিতে শীর্ষ দশে থাকা ছবিটি ১৩ কোটি ৪ লাখ ভিউ পেয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে অ্যানিমেটেড ছবি 'সোয়াপড'। জাদুকরি পড স্পর্শ করার কারণে দুই প্রতিদ্বন্দ্বী প্রাণীর প্রজাতি বদলে যাওয়ার গল্প এই ছবিতে। মাইকেল বি জর্ডান ও জুনো টেম্পলের কণ্ঠে ছবিটি ১৩ কোটি ৮ লাখ ভিউ পেয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা 'দ্য রিপ'-এ ম্যাট ডেমন ও বেন অ্যাফ্লেককে আবারও একসাথে দেখা গেছে। মায়ামির ট্যাকটিক্যাল নারকোটিকস টিমের দুই কর্মকর্তা একটি অভিযানে ২ কোটি ৪০ লাখ ডলার পেয়ে গেলে রাতভর সেই অর্থ রক্ষার লড়াইয়ে নামতে হয়। কাইল চ্যান্ডলার, স্টিভেন ইয়ুন ও টেয়ানা টেলর অভিনীত এই ক্রাইম থ্রিলারের ভিউ ১৩ কোটি ৬১ লাখ।

তালিকার শীর্ষে রয়েছে অ্যালান রিচসন অভিনীত 'ওয়ার মেশিন'। মার্কিন সেনাবাহিনীর এলিট রেঞ্জার বাছাইপ্রক্রিয়ায় অংশ নেওয়া এক কমব্যাট ইঞ্জিনিয়ারকে কঠোর প্রশিক্ষণের পাশাপাশি একটি রহস্যময় হত্যাযন্ত্রের বিরুদ্ধে লড়তে হয়। ডেনিস কুয়েড, স্টিফেন জেমস, জাই কোর্টনি ও এসাই মোরালেস অভিনীত ছবিটি ১৪ কোটি ৬৯ লাখ ভিউ নিয়ে শীর্ষস্থান দখল করেছে এবং এর সিক্যুয়েলও আসছে বলে জানা গেছে।