মঙ্গলবার (১৪ জুলাই) বেলা একটার দিকে বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে অবস্থিত ‘মুন কাচ্চি’ ও ‘মুন ফুচকা’ নামের একটি খাবার দোকানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ।

অভিযানকালে দেখা যায়, ফুচকা তৈরির টেবিলজুড়ে কাদা-ময়লা ও অপরিচ্ছন্নতার ছড়াছড়ি; সেখানে স্পষ্ট কুকুরের পায়ের ছাপও ফুটে উঠেছে। টেবিলটি মোটেও পরিষ্কার না করেই ফুচকা তৈরি করা হচ্ছিল। একইসঙ্গে ফুচকায় নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের প্রমাণও মেলে।

প্রতিষ্ঠানটির মালিক সাকিব হোসেন অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত খাদ্য আইন-২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের অভিযোগে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

একই দিন সকালে ভ্রাম্যমাণ আদালতের ওই দল নগরীর ফতেহ আলী বাজারের ফটক এলাকায় ‘ঘোষ মিষ্টান্ন ও দই’-এর কারখানায় অভিযান চালায়। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন ও বিএসটিআইয়ের সনদ না থাকার দায়ে কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়ার কর্মকর্তা রাসেল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মিষ্টির কারখানার অভিযান শেষে ফেরার পথেই ‘মুন কাচ্চি’ ও ‘মুন ফুচকা’ দোকানটি নজরে আসে। সেখানে টেবিলের করুণ অবস্থা দেখে দোকানিকে জিজ্ঞাসাবাদ শেষে দণ্ড দেওয়া হয়।