ঢাকার গুলশান শুটিং ক্লাবে ‘প্রিডিপারচার ২০২৬’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যগামী উচ্চশিক্ষাপ্রার্থী শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। সেপ্টেম্বর ২০২৬ শিক্ষাবর্ষে পড়াশোনার লক্ষ্যে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে যাওয়া এক হাজারের বেশি শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্যরা এবং শিক্ষাবিদদের সমন্বয়ে এই উৎসবমুখর আয়োজন সম্পন্ন হয়। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের প্রস্তুতিমূলক এই অনুষ্ঠানের আয়োজক ছিল এএইচজেড।
অনুষ্ঠানের কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে ভ্রমণের পূর্বপ্রস্তুতি, বিমানবন্দর থেকে গন্তব্যে পৌঁছানোর নিয়মকানুন, বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর অনুসরণীয় প্রক্রিয়া, একাডেমিক জীবনধারার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা এবং পেশাদারি নেটওয়ার্কিং সেশনের ব্যবস্থা রাখা হয়। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যাত্রা করা শিক্ষার্থীদের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এএইচজেড বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পরামর্শ ও সেবা দিয়ে আসছে, যা তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চলতি বছরে যুক্তরাজ্যে পড়াশোনা শুরু করতে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ নানা ধরনের মেধাভিত্তিক স্কলারশিপ অর্জনে সক্ষম হয়েছেন। এসব স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ৩০ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড়ের সুবিধা পেয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা তাঁদের ব্যক্তিগত আবেদনপ্রক্রিয়ার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং সাফল্যের গল্পগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নেন, যা নতুন যাত্রাপথে পা রাখতে যাওয়া শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।
এই আয়োজনে এমএইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া, প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম, এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান, কোর্স হান্টারের রিজিওনাল মার্কেটিং ম্যানেজার মাহফুজ এম কুশল এবং এমএইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ উপস্থিত ছিলেন। পাশাপাশি এএইচজেডের গুলশান, ধানমন্ডি, উত্তরা ও মিরপুর শাখার অপারেশন ম্যানেজাররাও অনুষ্ঠানে যোগ দেন, যা আয়োজকের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি ব্যাপক সহযোগিতার প্রতিশ্রুতি বহন করে।
অনুষ্ঠানের বিশেষ অংশীদার হিসেবে টার্কিশ এয়ারলাইনসের উপস্থিতি এই আয়োজনকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে। জাঁকজমকপূর্ণ পরিবেশে আয়োজিত কুইজ সেশনের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য যাতায়াতের উদ্দেশ্যে বিনামূল্যে এয়ার টিকিট প্রদান করা হয়। টার্কিশ এয়ারলাইনসের এই উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক যাত্রাপথকে আরও সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।




