হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক পুলিশ উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে দোকানির মুঠোফোন চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ার পর পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। গত সোমবার এসআই রাসেল মিয়াকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে আজমিরীগঞ্জ বাজারের ব্যবসায়ী রাজীব আহমেদের দোকানে ফল কিনতে যান এসআই রাসেল। ফল কেনার পর তিনি প্রায় পাঁচ মিনিট দোকানেই ছিলেন। এ সময় দোকানের টেবিলে রাখা ছিল দোকানি রাজীব আহমেদের মুঠোফোনটি। একপর্যায়ে এসআই রাসেল তার হাতে থাকা একটি ফাইল ও নিজের লাল রঙের মুঠোফোনটি দোকানির ফোনের ওপর রাখেন। পরে কথা বলার সময় দুটি ফোনই তিনি নিজের পকেটে ঢুকিয়ে নেন। এরপর ফলের ব্যাগ হাতে নিয়ে আরও প্রায় এক মিনিট দোকানির সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যান।
ফল কিনে চলে যাওয়ার পর রাজীব আহমেদ তার মুঠোফোন খুঁজে পাননি। পরে দোকানের সিসিটিভি ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন যে এসআই রাসেলই তার ফোনটি নিয়ে গেছেন। রাজীব আহমেদ জানান, ফোনটি ফেরত চাইলে প্রথমে এসআই রাসেল ফোন নেওয়ার কথা অস্বীকার করেন। কিন্তু সিসিটিভি ফুটেজের কথা বললে গভীর রাতে তিনি রাজীবের সঙ্গে দেখা করেন। এ সময় এসআই রাসেল জানান, তিনি ফোনটি হারিয়ে ফেলেছেন এবং ফোনের বদলে ১৫ হাজার টাকা দেন।
ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনাটির তদন্ত করেন। তার প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল এসআই রাসেল মিয়াকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
ওসি আকবর হোসেন বলেন, ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর এসআই রাসেল মিয়াকে হবিগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে।
এ বিষয়ে জানতে এসআই রাসেল মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।




