বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেন বহনকারী একটি ট্রাকের বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ছয়টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ট্রাকের ভেতরে থাকা গ্যাস বেরিয়ে আশপাশের ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা ঘন সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, তরল নাইট্রোজেনবাহী গাড়িটি যশোরের বেনাপোল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। যাত্রাপথে বাইপাস এলাকার মোল্লা হোটেলের সামনে পৌঁছালে গাড়িটির ছিদ্র হয়ে বিস্ফোরিত হয়। গাড়িতে আনুমানিক ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল, যার প্রায় পুরোটাই বেরিয়ে যায়। মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা জানান, ট্রাকটি হোটেলের সামনেই দাঁড়ানো ছিল। হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং সঙ্গে সঙ্গে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা ভেবে স্থানীয়রা দ্রুত দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে ঘটনা জানান।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তরল নাইট্রোজেনবাহী ওই ট্রাকটি বিস্ফোরণের পর সাদা গ্যাসে এলাকা আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে যৌথভাবে কাজ শুরু করে। তাদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, এর আগে গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট্রোজেনবাহী আরেকটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল।




