নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার গোপন পরিকল্পনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যম এবং তথ্যসূত্রের মাধ্যমে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক একটি গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন। এই পরিপ্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কেউ এমন কোনো কার্যক্রমের সাথে জড়িত কিনা, তা নিরপেক্ষভাবে তদন্তের জন্যই এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন গঠিত তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিনকে। কমিটির সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক। এছাড়া কমিটির অপর সদস্যরা হলেন শিক্ষা স্কুলের ডিন, আইন স্কুলের ডিন এবং সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন। আগামী এক মাসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে কমিটিকে।
কমিটির সদস্যসচিব ও ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. সালাউদ্দীন জানিয়েছেন, তারা চিঠি পেয়েছেন এবং কমিটির সভাপতি শিগগিরই সভা আহ্বান করবেন। এখনো পর্যন্ত কোনো সভা অনুষ্ঠিত হয়নি, তবে খুব দ্রুতই তারা বৈঠকে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও অনুরূপ অভিযোগ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত থাকা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর গোপন তৎপরতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপরীতে অবস্থান নেওয়ার বিষয়টি।




