মঙ্গলবার সন্ধ্যার সময় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এনসিপির শীর্ষ দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত সার্কিট হাউসে আশ্রয় নেন এবং সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। অন্যদিকে, সারজিস আলম সোনালী ব্যাংক ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে আসে।

ঘটনার পর এনসিপি ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার সৃষ্টি হয়। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এনসিপি নেতাদের উসকানিমূলক বক্তব্যের কারণেই এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এনসিপি নেতারা হামলার ঘটনাকে নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে।