স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে পরিচালিত দেশের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে ১৩ থেকে ১৬তম গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে সংশ্লিষ্ট সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত ২০ আগস্টের একটি চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, স্বাস্থ্য খাতে জনবলের ঘাটতি পূরণের জন্য সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের যে উদ্যোগ নিয়েছে, তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নন-মেডিক্যাল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ অনুযায়ী, পদোন্নতি ও সরাসরি নিয়োগ—উভয় পদ্ধতির মাধ্যমে শূন্য পদগুলো দ্রুত পূরণ করতে হবে। এ ছাড়া যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহণ সম্পন্ন হলেও নিয়োগপ্রক্রিয়া শেষ করা যায়নি, সেখানে নতুন শূন্য পদের জন্য ছাড়পত্র নিয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে আগের আবেদনগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়োগ সম্পন্ন করতে হবে বলে চিঠিতে বলা হয়েছে।
নিয়োগসংক্রান্ত কোনো মামলা কিংবা প্রশাসনিক জটিলতা থাকলে তা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ারও নির্দেশ রয়েছে। পাশাপাশি, প্রতিটি প্রতিষ্ঠানের নিয়োগ অগ্রগতির তথ্য নির্ধারিত ছকে প্রতি মাসের ৫ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হবে। কাগজের অনুলিপির পাশাপাশি ই-মেইলের মাধ্যমেও এই তথ্য প্রেরণের কথা বলা হয়েছে।




