দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও ক্লান্তির কারণে অনেকের কাছেই ইবাদত এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। কাজের চাপে দিন শেষে নামাজ পড়তে গেলে মনে হয় যেন এটি আরেকটি দায়িত্ব। তবে ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, এই ধারণা বদলানো সম্ভব পাঁচটি সহজ উপায় অবলম্বন করলে।

প্রথমত, ইবাদত সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা জরুরি। কুরআনে বলা হয়েছে, নামাজ মানুষকে অন্যায় ও খারাপ কাজ থেকে দূরে রাখে (সুরা আনকাবুত, আয়াত ৪৫)। এছাড়া সুরা হুদের ১১৪ নম্বর আয়াতে উল্লেখ আছে, ভালো কাজ খারাপ কাজকে দূর করে দেয়। ইবাদত শুধু আদেশ পালন নয়, বরং নিজের মঙ্গলের জন্যই এটি দেওয়া হয়েছে। এই উপলব্ধি মনে গেঁথে গেলে নামাজ আর কঠিন দায়িত্ব মনে হবে না, বরং তা মানসিক শান্তির উৎস হয়ে উঠবে।

দ্বিতীয়ত, নামাজে মনোযোগ ফেরানোর জন্য সেজদাকে গুরুত্ব দেওয়া উচিত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বান্দা সেজদার অবস্থায় তার রবের সবচেয়ে কাছে পৌঁছায়, তাই সেজদায় বেশি করে দোয়া করা উচিত (সহিহ মুসলিম, হাদিস: ৪৮২)। সেজদায় কিছুটা বেশি সময় কাটিয়ে নিজের সব কথা ও অনুভূতি আল্লাহর কাছে খুলে বললে নামাজ যান্ত্রিকতা থেকে বেরিয়ে হৃদয়ের ভালোবাসায় রূপ নেয়।

তৃতীয়ত, সংসারের দায়িত্বকেও ইবাদত হিসেবে গণ্য করা যায়। মহানবী (সা.) বলেছেন, একজন মুমিন যা ভালো কাজ করে এবং পরিবারের জন্য যা খরচ করে, সেটাও তার জন্য সদকা হিসেবে লেখা হয় (সহিহ বুখারি, হাদিস: ৫৫)। কাজের শুরুতে আল্লাহর সন্তুষ্টির নিয়ত করলে পুরো দিনটিই ইবাদতে পরিণত হতে পারে।

চতুর্থত, নিজের সাধ্যের অতিরিক্ত কাজ না করে মধ্যপন্থা অবলম্বন করা উচিত। মহানবী (সা.) ধর্মের ব্যাপারে কঠোরতা থেকে সতর্ক করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি অতিরিক্ত কঠোরতা করে, ধর্ম তার ওপর বিজয়ী হয়ে যায় এবং একপর্যায়ে সে ক্লান্ত হয়ে পড়ে (সহিহ বুখারি, হাদিস: ৩৯)। নিজের শরীর ও মন বুঝে সহজ আমল বেছে নেওয়া উচিত।

পঞ্চমত, নিজের উন্নতির জন্য অন্যের সঙ্গে তুলনা না করা জরুরি। নবীজি (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কম হয় (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)। তাই নিজের আগের অবস্থার সঙ্গে বর্তমানের তুলনা করে ধীরে ধীরে আমলের পরিমাণ বাড়ানো উচিত।

ইবাদত কোনো যান্ত্রিক অভ্যাস নয়, বরং এটি স্রষ্টার সঙ্গে বান্দার মধুর আত্মিক সম্পর্ক। ক্লান্তি ও ব্যস্ততায় ভরা জীবনে ইবাদতকে বিরতি ও শান্তির মাধ্যম হিসেবে গ্রহণ করলে জীবনধারাই বদলে যেতে পারে।