যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে ফ্লোরিডায় এক ব্যক্তি আইসিই এজেন্টদের এড়িয়ে যেতে গিয়ে প্রাণ হারিয়েছেন। বুধবার ভোরের দিকে সেন্ট অগাস্টিনের একটি পেট্রোল পাম্পে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের এজেন্টদের মুখোমুখি হওয়ার পর এ ঘটনা ঘটে। ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোলের তথ্য অনুযায়ী, এজেন্টদের দেখে চারজন ব্যক্তি তাঁদের গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করেন। তাদের মধ্যে এক জন রাজ্য সড়ক ১৬ পার হওয়ার সময় একটি ট্রাক্টর-ট্রেলারের ধাক্কায় নিহত হন। নিহত ব্যক্তি মেক্সিকোর নাগরিক বলে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত করেছে। বাকি তিন জনের ভাগ্য ও পরিচয় এখনও প্রকাশিত হয়নি, এবং তাঁরা আইসিই-র টার্গেট ছিলেন কিনা তাও স্পষ্ট নয়। মিয়ামি হেরাল্ড জানিয়েছে, ট্রাকচালক দুর্ঘটনার পর তাঁর গাড়ি থামিয়ে আহত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করেন।
এই ঘটনার আগে গত সপ্তাহে টেক্সাসে এক ট্রাফিক স্টপের সময় ৫২ বছর বয়সী লরেঞ্জো সালগাডো আরাউহো গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর গাড়িতে আরও তিন যাত্রী ছিলেন। ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের দাবি, সালগাডো আরাউহো তাঁর গাড়িকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে একজন আইসিই কর্মকর্তাকে চাপা দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। পরে জানা যায়, তিনি অভিযানের মূল টার্গেট ছিলেন না। সোমবার আরেক ঘটনায় কলম্বিয়ার ২৬ বছর বয়সী জোয়ান সেবাস্তিয়ান গেরেরো ট্রাফিক স্টপের সময় আইসিই এজেন্টদের গুলিতে নিহত হন। মেইনের স্বতন্ত্র সিনেটর অ্যাঙ্গাস কিং জানান, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিন তাঁকে বলেছেন, গেরেরোও এজেন্টদের ওয়ারেন্টের টার্গেট ছিলেন না। তবে কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধেও গাড়িকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ আনে। এই দুই ঘটনার পর প্রতিবাদ এবং স্বাধীন তদন্তের দাবি উঠেছে।
এদিকে, টেক্সাস ও মেইনের প্রাণঘাতী ঘটনার জেরে আইসিই সাময়িকভাবে অধিকাংশ ট্রাফিক স্টপ বন্ধ রেখেছে। এই বিরতি কর্মকর্তাদের যানবাহন থামানোর বিষয়ে অতিরিক্ত প্রশিক্ষণের জন্য কার্যকর করা হয়েছে। তবে গুরুতর অপরাধীদের জড়িত যানবাহন থামানো বন্ধ থাকবে না। দ্য অ্যাটলান্টিকের প্রতিবেদন অনুযায়ী, মেইনের ঘটনায় জড়িত এজেন্ট চলতি বছর ভেটেরান্স অ্যাফেয়ার্স পুলিশ থেকে আইসিই-তে যোগ দিয়েছিলেন।
বুধবার সকালে ট্রুথ সোশ্যাল পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইসিই এজেন্টদের প্রশংসা করে বলেন, তাঁরা ‘অসাধারণ কাজ’ করছেন। ট্রাফিক স্টপ বন্ধের ধারণা নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘আইসিই-র সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর অপরাধ দমনের মাধ্যম গাড়ি থামানো ছেড়ে দেওয়া যায় না। একবার তা করলেই অপরাধীদের হাতে খেলনা দেওয়া হবে। বামপন্থী ডেমোক্র্যাটরা এ চায়, তবে আমার শাসনামলে তা হবে না।’ তিনি আরও বলেন, অভিবাসন এজেন্টদের সাবধান, ন্যায্য ও স্মার্ট হতে হবে এবং তাঁদের ভালোবাসা ও সম্মানের দাবিদার হিসেবে উল্লেখ করেন।



