রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন সংগঠনটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতার কাঠামোয় যারা এসেছেন, তাদের পরিবর্তন ঘটলেও রাষ্ট্রের গুণগত পরিবর্তন এখনো চোখে পড়েনি। জনগণের প্রত্যাশা পূরণে সরকারের প্রথম ছয় মাসে দেশের সার্বিক পরিস্থিতির তেমন কোনো উন্নতি ঘটেনি বলেও মন্তব্য করেন তিনি।

গাজী আতাউর রহমানের অভিমত, রাষ্ট্রের কাছে সাধারণ মানুষের যে দাবি, সেদিক থেকে কোনো স্তরেই স্বস্তিদায়ক খবর নেই। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। জ্বালানি খাতে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে জনসাধারণকে। জননিরাপত্তার ক্ষেত্রেও তেমন অগ্রগতি নেই। বিনিয়োগ পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এসব সমস্যার মূল কারণ হিসেবে তিনি চিহ্নিত করেছেন রাষ্ট্রীয় কাঠামোয় অপরিবর্তন ও নীতিগত সংস্কারের অনুপস্থিতি।

বৈঠকে গ্যাস-বিদ্যুতের সংকটে সৃষ্ট জনদুর্ভোগ এবং উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ খাতে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করার ওপর গুরুত্ব আরোপ করেন নেতারা। গাজী আতাউর রহমান আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংস্কার কার্যকর করতেই হবে। বিশেষ করে সাধারণ নির্বাচনের আনুপাতিক হারের ভিত্তিতে সংসদের উচ্চকক্ষ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। তাঁর মতে, প্রয়োজনীয় সংস্কার না করা গেলে আগামী পাঁচ বছরেও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হবে না।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আশরাফুল আলম ও নেছার উদ্দিন, সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম ও শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক লোকমান হোসাইন জাফরী এবং কে এম শরীয়াতুল্লাহসহ অন্য নেতারা।