রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেও সাধারণ মানুষের সেবা করার এবং তাদের পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত তাঁর সরকারি বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতৃবৃন্দ তাঁর সাথে আলাপকালে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে উষ্ণ অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, রাষ্ট্রপতি হওয়ার কথা তিনি কখনোই কল্পনা করেননি এবং এই মনোনয়ন পাওয়াকে মহান আল্লাহর অশেষ রহমত ও দলের প্রতি কৃতজ্ঞতা হিসেবে দেখছেন। তিনি স্পষ্ট করে বলেন যে, উচ্চপদে আসীন হয়ে ব্যস্ততা বাড়লেও জনগণের প্রয়োজনে এবং নিজ এলাকার সামগ্রিক উন্নয়নে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। আলোচনার মাঝে তিনি উপস্থিত অতিথিদের প্রত্যেকের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
ঐ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (সমকাল), বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদ এবং সহসভাপতি মাহবুব আলম (স্টার টিভি) উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (কালবেলা), অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম (বাসস), সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ (৭১ টেলিভিশন), প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন (জিটিভি) এবং নারীবিষয়ক সম্পাদক মোছা. শিউলী বেগম নাহিদ (নিউজ টুয়েন্টি ফোর)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নূর তাজমিন নীর (৭১ টেলিভিশন), ফরহাদ বিন নূর (স্টার টিভি), মো. নবাব শরীয়তুল্লাহ বা সৌম্য সরকার (কালের কণ্ঠ), নাসরিন আখতার (সাম্প্রতিক দেশকাল), ইমরান খান (যুগান্তর), তাফহিমুল ইসলাম (চ্যানেল আই) এবং আবু সাঈদ (নিউজ এজেন্সি এবিপি)। পাশাপাশি সংগঠনের উপদেষ্টা হিসেবে প্রবীণ সাংবাদিক মশিউর রহমান, তুহিন সাইফুল্লাহ (প্রথম আলো) এবং বাসসের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহাবুর আলম সোহাগ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।




