সুশৃঙ্খল জীবন ও উন্নত শিক্ষার প্রত্যাশায় প্রতিবছর অসংখ্য মেধাবী শিক্ষার্থী ক্যাডেট কলেজে ভর্তির প্রতিযোগিতায় নামে। সাধারণত তিনটি স্তরে—লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা—এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে চূড়ান্ত সাফল্যের পথে সবচেয়ে ভারী দরজাটি হলো লিখিত পরীক্ষা, যার পূর্ণমান ৩০০। এতে উত্তীর্ণ হওয়া মানেই ক্যাডেট কলেজের স্বপ্নপূরণের অনেকটা পথ পাড়ি দেওয়া। এ পরীক্ষায় ভালো করার জন্য শুধু জ্ঞান নয়, বরং একটি সঠিক পরিকল্পনা, সময়ব্যবস্থাপনা ও সচেতন কৌশল অপরিহার্য।
প্রথমেই, পরীক্ষার মানবণ্টন ও সিলেবাস সম্পর্কে পূর্ণ ধারণা থাকা দরকার। লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হলো: গণিতে ১০০, ইংরেজিতে ১০০, বাংলায় ৬০ এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর। লক্ষণীয় যে, ইদানীং প্রশ্নপত্রের ধরনে এসেছে পরিবর্তন। পূর্বের দীর্ঘ বর্ণনামূলক প্রশ্নের জায়গা দখল করছে সংক্ষিপ্ত প্রশ্ন, বহুনির্বাচনী ও বুদ্ধিমত্তানির্ভর প্রশ্ন।
বিষয়ভিত্তিক প্রস্তুতির কৌশলেও রয়েছে স্বতন্ত্রতা। গণিতের পূর্ণ ১০০ নম্বরই একজন শিক্ষার্থীর মেধার আসল পরীক্ষা নেয় এবং অবস্থান নাটকীয়ভাবে বদলে দিতে পারে। এর জন্য NCTB নির্ধারিত ষষ্ঠ শ্রেণির বইয়ের প্রতিটি অধ্যায়ের উদাহরণ ও অনুশীলনী নিজে করে অন্তত তিন-চারবার সমাধান করতে হবে। মুখস্থ নয়, বোঝার ওপর জোর দিতে হবে। পাটিগণিতের লসাগু-গসাগু, ভগ্নাংশ, শতকরা, লাভ-ক্ষতি, অনুপাত এবং জ্যামিতির কোণ, ত্রিভুজ, চতুর্ভুজের ধারণা একদম পরিষ্কার রাখতে হবে। পরীক্ষার সীমিত সময়ে নির্ভুল ও দ্রুত হিসাব করার অভ্যাস গড়তে হবে, তবে রাফ খাতায় প্রতিটি ধাপ প্রদর্শন করতে হবে, কোনো শর্টকাট দেওয়া যাবে না।
ইংরেজির ১০০ নম্বর প্রস্তুতির ভিত্তি হলো ব্যাকরণ ও শব্দভাণ্ডার। Parts of Speech, Tense, Articles, Prepositions, Voice Change, Right Form of Verbs-এর ওপর পূর্ণ দখল আনা জরুরি। প্রতিদিন পাঁচটি করে নতুন শব্দ শিখতে হবে, তাদের সমার্থক ও বিপরীত শব্দসহ বাক্যে প্রয়োগ করতে হবে। প্যারাগ্রাফ বা গল্প লেখার ক্ষেত্রে মুখস্থ না করে নিজের ভাষায় নির্ভুলভাবে সেসব লেখার অনুশীলন এবং অপরিচিত অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর খুঁজে বের করার দক্ষতা নিয়মিত বাড়াতে হবে।
বাংলার ৬০ নম্বরের জন্য ষষ্ঠ শ্রেণির চারুপাঠ ও ব্যাকরণ বইয়ের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। গদ্য-পদ্যের কবি পরিচিতি, মূলভাব, কঠিন শব্দের অর্থ ও গল্পের বার্তা বুঝতে হবে। ব্যাকরণের ধ্বনি, বর্ণ, পদ পরিবর্তন, সন্ধি, কারক ও সমাসের প্রাথমিক ধারণা থেকে প্রশ্ন আসে। সারমর্ম, ভাবসম্প্রসারণ, অনুচ্ছেদ ও চিঠি লেখার ফরম্যাট জানা যেমন আবশ্যক, তেমনি বানান ভুলের দিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।
অবশেষে, ৪০ নম্বরের সাধারণ জ্ঞান কেবল মুখস্থের বিষয় নয়, এটি নিয়মিত জানার বিষয়। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ, ভাষা আন্দোলন, ভৌগোলিক তথ্য, জাতীয় দিবস, এবং পদ্মা সেতু বা মেট্রোরেলের মতো উন্নয়ন প্রকল্পের খবর রাখতে হবে। একইসঙ্গে, বিশ্বের দেশ ও রাজধানী, নোবেল পুরস্কার, এবং বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর মতো সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলিতেও নজর রাখা জরুরি।
পরিকল্পিত প্রস্তুতি এবং বিষয়ভিত্তিক এসব কৌশল অনুসরণ করলেই ক্যাডেট কলেজের লিখিত পরীক্ষায় সফল হওয়ার পথ প্রশস্ত হয়।




