বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। বুধবার (২৯ জুলাই) কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ আগস্ট ২০২৬ থেকে প্রথম পর্যায়ের মৌখিক পরীক্ষা শুরু হবে এবং তা চলবে ২৪ আগস্ট ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন প্রার্থীর মধ্যে সাধারণ ক্যাডারের ১ হাজার ৪৭০ জন প্রার্থী এই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, যা রাজধানীর আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত।

প্রার্থীদের জন্য কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ পূরণকৃত ফরম মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে জমা দিতে হবে। এছাড়া প্রাক্-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে উভয় পৃষ্ঠায় মুদ্রণ করতে হবে। ফরমের সব তথ্য পূরণ ও স্বাক্ষর করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ তিন কপি মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে। বিস্তারিত নির্দেশনা কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।