শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ বৈঠকের বিষয়ে নিশ্চিত করেন।
তিনি জানান, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ পরিধি সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতার সুযোগ এবং উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু স্থান পায়। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনও এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশেষ দূত গর গত ৩০ জুলাই ঢাকায় অবতরণ করেন। সফরের প্রথম দিনেই তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে এক বৈঠকে অংশ নেন। এরপর গতকাল শুক্রবার তিনি কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে যান। সেখানে তিনি চলমান মানবিক ও সেবা কার্যক্রম সরেজমিনে দেখেন এবং রোহিঙ্গাদের বর্তমান অবস্থা সম্পর্কে সরাসরি খোঁজখবর নেন ও তাদের সাথে কথোপকথন করেন। মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল সব সময় তার সফরসঙ্গী ছিল। বৈঠক শেষে ঢাকা ও ওয়াশিংটনরে সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।




