রাজবাড়ী সদর উপজেলায় গত শনিবার দুপুরে ঘটে এই নৃশংস ঘটনা। শিশুটির মা নিকটস্থ এক আত্মীয়ের বাড়িতে দুধ দিতে গেলে ওই সুযোগে প্রতিবেশী কিশোরটি (১৪) শিশুটিকে বিস্কুট খাওয়ানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। তবে শিশুটির কান্নার শব্দ পেয়ে তার মা দ্রুত সেখানে এলে কিশোরটি পালিয়ে যায়। পরদিন রোববার শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। মামলার এজাহারে ঘটনার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। পুলিশ অভিযান চালিয়ে কিশোরটিকে গ্রেপ্তার করে এবং সোমবার তাকে আদালতের মাধ্যমে গাজীপুর কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়। তবে মামলা দায়েরের পর থেকেই শিশুটির পরিবারকে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা। তিনি জানান, আসামি কিশোরের পরিবার প্রভাবশালী হওয়ায় মামলা প্রত্যাহারের জন্য নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি তাঁকে বাড়ি থেকে বের হতে দেয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁকে মারার চেষ্টাও চালানো হয় বলে তিনি পুলিশকে জানিয়েছেন। শিশুটির বাবা তাঁর মেয়ের বিচার ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়ে বলেন, ‘আমার মেয়ের প্রতি ঘটনার উপযুক্ত শাস্তি ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ জানান, গ্রেপ্তার কিশোরকে কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে এবং অভিযোগকারী পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।