চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর (৫৬) নামের এক দোকানির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে লোহাগাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর উপজেলার আমিরাবাদ ইউনিয়নের তালুকদার পাড়ার বাসিন্দা ছিলেন এবং সাউন্ড হেলথ হাসপাতালের কাছেই তার একটি ভাতের হোটেল ছিল।
জানা গেছে, গতকাল আলমগীর তার স্ত্রী কমরুন্নেছাকে চিকিৎসার জন্য স্থানীয় সাউন্ড হেলথ হাসপাতালে নিয়ে যান। রাত ৯টার কাছাকাছি সময়ে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে গমন করেন। মসজিদ থেকে ফেরার পথে হাসপাতালের নতুন ভবনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী দুটি মোটরসাইকেল একের পর এক তাকে আঘাত করে। ঘটনাস্থলে গুরুতর জখম হন তিনি।
আলমগীরের প্রতিবেশী মঈন উদ্দিন বরাতে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য পাশেই অবস্থিত সাউন্ড হেল্থ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক রুহুল আমিন জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সেখান থেকে একটি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। তেবেব এটির চালক পলাতক ছিলেন। নিহতের স্বজনদের অনুরোধে তার মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনকার্যের জন্য হস্তান্তর করা হয়েছে। পুলিশ এই মর্মেও জানায় যে, সড়ক দুর্ঘটনাজনিত এই মৃত্যুর ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




