কম্বোডিয়ার রাজধানী নমপেনের শাংরি-লা হোটেলে আয়োজিত ‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে মো. নুরুল আফছারকে সম্মাননা প্রদান করা হয়। এই আয়োজনে ২৮টি দেশের প্রায় ২৮০ জন করপোরেট নেতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্য দেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমন্ত্রী হেম ভান্দি।

প্রতিবছর এশিয়ার উদীয়মান ও তরুণ করপোরেট নেতাদের ব্যবসা, উদ্ভাবন ও অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। চলতি বছর এশিয়ার বিভিন্ন দেশের মোট ৫০ জন সিইও এই সম্মাননা লাভ করেন। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ জানিয়েছে, তিন দশকের বেশি সময় ধরে মো. নুরুল আফছার দেশের ইলেকট্রনিকস খাতের উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি বিপণন কৌশলে পরিবর্তন, পণ্যের বৈচিত্র্যকরণ, বাজার গবেষণা এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যবসা প্রসারিত করেছে। পাশাপাশি আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে অংশীদারিত্ব স্থাপন ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পুরস্কার প্রাপ্তিতে ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান বলেন, নুরুল আফছারের দূরদর্শী ও উদ্ভাবনী নেতৃত্ব প্রতিষ্ঠানটির অগ্রগতি ও উৎকর্ষ সাধনে অপরিসীম ভূমিকা রেখেছে। এই স্বীকৃতি তাঁর নিরলস পরিশ্রমেরই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

নিজের প্রতিক্রিয়ায় নুরুল আফছার জানান, আন্তর্জাতিক পর্যায়ে এই সম্মাননা পাওয়া গর্ব ও আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার প্রেরণা জোগাবে এই অর্জন। দেশের ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সাথে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।