দীর্ঘদিন ধরে লোকসানের বৃত্তে আবর্তিত হওয়া সুপারশপ স্বপ্নকে লাভজনক করতে ৭০০ কোটি টাকার বিনিয়োগ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মূল কোম্পানি এসিআই। গেল পাঁচ অর্থবছরের মধ্যে চারটিতেই পরিচালন মুনাফা করলেও সুদ ব্যয় ও করের বোঝায় বড় অঙ্কের লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৬৫০ কোটি টাকার রেকর্ড ব্যবসা করলেও সুদ ও কর পরিশোধের পর লোকসান দাঁড়ায় প্রায় ২৭৩ কোটি টাকায়। ব্যাংকঋণের সুদ ক্রমাগত বাড়ায় লোকসানের এই ধারা থেকে বের হতে পারছিল না স্বপ্ন।

এই পরিস্থিতি থেকে উত্তরণে গত মঙ্গলবার এসিআইয়ের পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ অক্টোবরের মধ্যে এটি কার্যকর হবে। বিনিয়োগটি প্রেফারেন্স শেয়ারের বিপরীতে মূলধন হিসেবে প্রদান করা হবে। এ লক্ষ্যে এসিআই লজিস্টিকস ৭০ লাখ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে, যার প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এর মাধ্যমে এসিআইয়ের দেওয়া আগের আন্তকোম্পানি ঋণের অর্থ মূলধনে পরিণত হবে, যা স্বপ্নের আর্থিক কাঠামো শক্তিশালী করবে।

পাশাপাশি জাপানের শীর্ষ বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা মিতসুই অ্যান্ড কোং লিমিটেড স্বপ্নে কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এসিআই ও মিতসুইয়ের যৌথ বিনিয়োগে দ্রুত স্বপ্ন মুনাফাজনক পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে। এসিআই লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির জানান, এই বিনিয়োগ বিদ্যমান ঋণের বোঝা উল্লেখযোগ্য হারে কমাবে। পাশাপাশি ব্যবসার সক্ষমতা বৃদ্ধি, পরিবহন ও অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তির আধুনিকায়ন, ব্যাকওয়ার্ড লিংকেজ সুরক্ষিতকরণ এবং কৃষি ব্যবসার প্ল্যাটফর্ম সুদৃঢ় করতে সহায়তা করবে। ফলে দ্রুত মুনাফায় আসা সম্ভব হবে বলে তার দৃঢ় বিশ্বাস।

স্বপ্নের আর্থিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরে ১ হাজার ৩৭৩ কোটি টাকার ব্যবসার বিপরীতে লোকসান ছিল ১৪২ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে ব্যবসা ১ হাজার ৩৮৯ কোটি টাকায় দাঁড়ালেও লোকসান কমে ১৩৬ কোটি টাকায় নামে। ২০২২-২৩ অর্থবছরে ১ হাজার ৮৩২ কোটি টাকার ব্যবসার বিপরীতে লোকসান হয় ১৫৩ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ২৮৫ কোটি টাকার ব্যবসা করলেও লোকসান বেড়ে ১৯৬ কোটি টাকা হয়। আর সর্বশেষ অর্থবছরে ব্যবসা ২ হাজার ৬৫০ কোটি টাকায় পৌঁছালেও লোকসানের পরিমাণ দাঁড়ায় ২৭৩ কোটি টাকা। মূলত বাড়তি সুদ ব্যয়ই লোকসানের প্রধান কারণ ছিল। আন্তকোম্পানি ও ব্যাংকঋণের সুদের বোঝা কমাতেই ঋণকে মূলধনে রূপান্তরের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বিনিয়োগের ঘোষণায় বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসিআইয়ের শেয়ারের দাম বেড়েছে। প্রতিটি শেয়ারের দাম ৪ টাকা ৭০ পয়সা বা সোয়া ২ শতাংশের বেশি বেড়ে ২০৮ টাকায় দাঁড়িয়েছে। এদিন এসআইয়ের সাত কোটি টাকার সমমূল্যের প্রায় সাড়ে তিন লাখ শেয়ার লেনদেন হয়েছে।