গাজীপুর সাফারি পার্কে চিকিৎসাধীন থাকা হাতি ‘রাজু বাহাদুর’ মারা গেছেন। নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে আনা এই হাতিটি গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে প্রায় আড়াই মাস ধরে চিকিৎসাধীন ছিল। বুধবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান। তিনি জানান, ৭ আগস্ট হাতিশালায় রাজু বাহাদুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আগের দিন অর্থাৎ ৬ আগস্ট আরেকটি হাতির মৃত্যু হয়েছে।
তারেক রহমানের বরাতে জানা যায়, অন্য একটি হাতির আঘাতে রাজু বাহাদুর মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে অপর হাতিটির মৃত্যু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মৃত দুই হাতির নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং বন বিভাগের অনুমতি নিয়ে পার্কের ভেতরে তাদের মৃতদেহ মাটি চাপা দেওয়া হয়েছে।
জানা গেছে, রাজু বাহাদুরের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসকদের দল আনা হয়েছিল। একাধিক মেডিকেল বোর্ডের পরামর্শে তার চিকিৎসা অব্যাহত ছিল। গত ২৪ মে হাতিশালায় শিকলে বাঁধা অবস্থায় অন্য হাতির আক্রমণের শিকার হন রাজু বাহাদুর। এতে তার একটি পা ভেঙে যায় এবং অন্য পায়েও গুরুতর আঘাত লাগে। এরপর ৭ আগস্ট সকালে পার্কের কর্মীরা তাকে মৃত অবস্থায় দেখতে পান।
পার্ক সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট নারায়ণগঞ্জ থেকে রাজু বাহাদুরকে উদ্ধার করে। রাস্তাঘাট ও বাজারে ঘুরে মানুষের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে তাকে ব্যবহার করা হতো। তখন তার বয়স ছিল প্রায় ৯ বছর। বর্তমানে সাফারি পার্কে মোট ৮টি হাতি রয়েছে।




