প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে মঙ্গলবার রাজধানীর মিরপুরের পিটিআই মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের যেন নিজের সন্তানের চোখে দেখা হয়, সেই মানসিকতা নিয়ে শিক্ষা পরিচালনা করতে হবে। তাদের নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা জরুরি বলে উল্লেখ করেন তিনি।

প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন মন্ত্রী। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের অনেক তরুণই পড়াশোনা ছেড়ে মোবাইল ফোন ও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। প্রধানমন্ত্রী খেলাধুলাকে শিক্ষার অংশ হিসেবে গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আনন্দময় শিক্ষা ও ক্রীড়াচর্চার মাধ্যমেই এ প্রজন্মকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যে দেশব্যাপী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ৯ আগস্ট চট্টগ্রামে প্রধানমন্ত্রী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

মন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি শিশুদের আকর্ষণ বাড়াতে সরকার বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নিয়েছে। মিড ডে মিলের মতো অন্যান্য কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

সভায় বিশেষ অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব ও সুবিধা উভয়ই বাড়ানো হবে। বেসরকারি স্কুলগুলোও নিয়মিত নজরদারির আওতায় আসবে বলে তিনি ইঙ্গিত দেন।

আলোচনায় অংশ নিয়ে প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যমান নানা সমস্যা তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন।