মানুষের জীবনে দুঃখ, নিপীড়ন ও কঠিন পরীক্ষা এক চিরন্তন বাস্তবতা। পবিত্র কোরআনে বলা হয়েছে, “নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি।” (সূরা ইনশিরাহ, ৫-৬) তবু মনে স্বাভাবিক প্রশ্ন জাগে—জীবন কেন কেবল সুখের হতে পারে না? কেন নিরপরাধ মানুষকেও জুলুমের মুখোমুখি হতে হয়? মক্কার কোরাইশরা দীর্ঘকাল নবী (সা.) ও তাঁর সাহাবিদের অমানুষিক নির্যাতন চালিয়েছিল; আল্লাহ চাইলে তৎক্ষণাৎ তাদের হৃদয় ফিরিয়ে দিতে বা রক্তপাত ছাড়াই ইসলামকে বিজয়ী করতে পারতেন। তবু তিনি তা করেননি—কারণ তাঁর চিরন্তন নিয়ম হলো বান্দাকে পরীক্ষার সম্মুখীন করা।

প্রথম কারণ হলো সত্যবাদী ও মিথ্যাবাদীর পার্থক্য নির্ণয়। আল্লাহ ঘোষণা করেন, “যদি আল্লাহ ইচ্ছা করতেন, তবে তিনি নিজেই তাদের পরাজিত করতেন; কিন্তু তিনি তোমাদের একে অপরের মাধ্যমে পরীক্ষা করতে চান।” (সূরা মুহাম্মদ, ৪) শান্তিকালে সবাই ইমানের দাবি করতে পারে, কিন্তু সংকটে বোঝা যায় কার দাবি সত্য। (সূরা আনকাবুত, ২-৩) মৃত্যুও জীবন সৃষ্টির পেছনে একই উদ্দেশ্য—কে আমলে উত্তম, তা যাচাই করা। (সূরা মুলক, ২)

দ্বিতীয়ত, বিপদ আত্মাকে পরিশুদ্ধ করে। ওহুদের যুদ্ধে মুসলিমদের আংশিক ক্ষতির পর বলা হয়েছিল, “...এবং যেন আল্লাহ মুমিনদের পরিশুদ্ধ করতে পারেন।” (সূরা আলে ইমরান, ১৪১) ইসলামি পরিভাষায় ‘ফিতনা’ অর্থ আগুনে সোনা পুড়িয়ে খাঁটি করা। কঠিন সময় মানুষের ভেতরের অলসতা, দুনিয়ামুখী ভালোবাসা ও অতীত পাপের ময়লা ধুয়ে-মুছে সাফ করে। নিজের ভুলত্রুটি অনুধাবনের সুযোগও সৃষ্টি হয়—“বলো, এটি তোমাদের নিজেদের থেকেই এসেছে।” (সূরা আলে ইমরান, ১৬৫)

তৃতীয় কারণ হলো সুবিধাবাদীদের মুখোশ উন্মোচন। সমাজে বা আন্দোলনে এমন লোক থাকে যারা শুধু সুবিধা ভোগের জন্য সত্যের সঙ্গে যুক্ত থাকে। কিন্তু সংকটকালে তারা পেছন থেকে আঘাত হানে এবং আসল রূপ প্রকাশ করে। (সূরা আলে ইমরান, ১৬৬-১৬৭) এ ধরনের বিপদ উম্মাহকে মোনাফিকদের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার পথ দেখায়।

চতুর্থত, কঠিন মুহূর্ত মানুষকে একমাত্র আল্লাহর দিকে ধাবিত করে। সুরা বাকারায় বর্ণিত আছে, রাসুলগণ ও তাঁদের সঙ্গী মুমিনরা চরম দুঃখে ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করেছিলেন, “আল্লাহর সাহায্য কখন আসবে?” তখন সান্ত্বনা দিয়ে বলা হলো, “জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটে!” (সূরা বাকারা, ২১৪) স্বাচ্ছন্দ্যের তুলনায় বিপদে তাওয়াক্কুল ও তওহীদের বিশুদ্ধ অনুভূতির প্রকাশ ঘটে; অন্তর তখন শতভাগ আল্লাহর সঙ্গে যুক্ত হয়।

পঞ্চমত, বিপদ তওবা ও বিনীত ইবাদতের সুযোগ এনে দেয়। সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহর ইবাদত। (সূরা জারিয়াত, ৫৬) কিন্তু ধৈর্য, পূর্ণ নির্ভরতা ও তওবার মতো আত্মিক ইবাদতগুলো শুধু কষ্টের প্রেক্ষাপটেই পূর্ণরূপে বিকশিত হয়। ইউনুস (আ.) মাছের পেটের অন্ধকারে চরম সংকটে পড়ে যে তওবার বাক্য উচ্চারণ করেছিলেন—“আপনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত নেই...”—তা চিরন্তন দৃষ্টান্ত। (সূরা আম্বিয়া, ৮৭) সংকট মানুষকে বিনয় শেখায়।

ষষ্ঠত, আল্লাহ কিছু মনোনীত বান্দাকে শহীদত্বের সুউচ্চ মর্যাদা দানের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেন। বলা হয়েছে, “...এবং যেন তিনি তোমাদের মধ্য থেকে শহীদদের বেছে নিতে পারেন।” (সূরা আলে ইমরান, ১৪০) জীবনের পরম আত্মত্যাগের মাধ্যমে পরকালে এমন সম্মান অর্জিত হয়, যা সাধারণ অবস্থায় সম্ভব হতো না।

পরিশেষে, কষ্টের পর স্বস্তির সুনিশ্চিত প্রতিশ্রুতি রয়েছে। যারা এই ঐশ্বরিক প্রজ্ঞাগুলো দেখতে পায় না, তারা পরবর্তী বিজয় ও স্বস্তির সৌন্দর্যও উপলব্ধি করতে পারে না। কঠিন সময় কোনো ব্যর্থতা নয়; বরং খাঁটি মুমিন হওয়ার যাত্রাপথ। তাই ভেঙে না পড়ে, হতাশায় নিমজ্জিত না হয়ে ধৈর্যের সঙ্গে প্রতিপালকের সিদ্ধান্তের ওপর আস্থা রাখা, নিজেদের ভুল শুধরে নেওয়া এবং একমাত্র আল্লাহর সাহায্য প্রার্থনা করাই উত্তম পথ। নবীদের মতো আল্লাহকে ডাকার অভ্যাসই সংকটকালে প্রকৃত আশ্রয়।