দামি ট্রিটমেন্ট কিংবা আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর দিন শেষ। ২০২৬ সালের আলোচিত বিউটি ট্রেন্ড বলছে, চুলের প্রকৃত বিলাসিতা নিহিত আছে এর স্বাস্থ্য, স্বাভাবিক ঔজ্জ্বল্য আর কোমলতায়। একসময় নিখুঁতভাবে সাজানো, প্রতি সপ্তাহের ব্লো-ড্রাই, নানা স্টাইলিং পণ্যের ব্যবহারই ছিল ভালো চুলের মানদণ্ড। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই দৃষ্টিভঙ্গিতে এসেছে বড় রকমের পরিবর্তন।

বর্তমান সময়ে সবচেয়ে বড় যে ট্রেন্ডটি সামনে এসেছে, তা হলো 'নো-মেইনটেন্যান্স লাক্সারি হেয়ার' বা 'এক্সপেনসিভ হেয়ার'। নামে খরচের আভাস থাকলেও, এর ধারণা সম্পূর্ণ উল্টো। এর মর্মকথা হলো, চুল হবে স্বভাবতই পরিপাটি, উজ্জ্বল ও নরম— যা বাড়তি স্টাইলিংয়ের প্রয়োজন পড়ে না। ফ্যাশনের 'কোয়ায়েট লাক্সারি' ধারণার মতোই, এখানে গুরুত্ব পাচ্ছে সরলতা, গুণমান ও দীর্ঘস্থায়ী সৌন্দর্য। মানুষ অতিরঞ্জিত রং বা জটিল কাটের পরিবর্তে এমন স্টাইল বাছছেন যা চুলের স্বকীয়তাকে ফুটিয়ে তোলে এবং যে হেয়ার কালার সহজেই মিশে যায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানের বিলাসী চুলের ধারণা মানে হলো প্রতিদিন সাজানোর ঝামেলাহীন এক বিনিয়োগ। নিজের চুলের নিজস্ব গঠন মেনে নিয়ে তার সৌন্দর্যকে সর্বোচ্চ মাত্রায় প্রকাশ করাই এখন মূল লক্ষ্য। ফলে সম্পূর্ণ নতুন চেহারা সৃষ্টির বদলে চুলের প্রকারভেদ অনুসারে কাট, রং ও যত্নের প্রতি আগ্রহ বাড়ছে।

এই প্রবণতা শুধু বাহ্যিক রূপচর্চায় নয়, জীবনযাপনের ধারায়ও প্রতিফলিত। ব্যস্ত জীবন ও ব্যক্তিগত নানা কাজের ভিড়ে মানুষ এমন এক সৌন্দর্য পদ্ধতি খুঁজছেন, যা সময় সাশ্রয়ী ও আত্মবিশ্বাসী করে তোলে। এরই নাম দেওয়া হচ্ছে 'স্মার্ট মেইনটেন্যান্স'। অর্থাৎ, দৈনিক ঘণ্টার পর ঘণ্টা স্টাইলিং নয়, শুরু থেকেই চুলকে সুস্থ রাখাই আসল।

বিশেষজ্ঞদের পরামর্শ:
চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু নির্বাচন জরুরি। সালফেটমুক্ত শ্যাম্পু প্রাকৃতিক আর্দ্রতা রক্ষা করে। পাতলা চুলে হালকা কন্ডিশনার ও ঘন, শুষ্ক চুলের জন্য পুষ্টিকর হেয়ার মাস্ক কার্যকরী। ভারি পণ্যের পরিবর্তে হালকা লিভ-ইন সিরাম উড়ন্ত ভাব কমিয়ে স্বভাবিক উজ্জ্বলতা আনে।

সুন্দর চুলের রহস্য ছোট ছোট অভ্যাসের ভেতরেই লুকিয়ে থাকে: প্রতি ১০-১২ সপ্তাহে চুলের আগা ছেঁটে ফেলা, সিল্ক বা সাটিনের বালিশের কভার ব্যবহারে ঘর্ষণ কমানো, হিট স্টাইলিং এড়িয়ে চলা বা ব্যবহার করলে হিট প্রোটেকট্যান্ট নেওয়া। সাথে পুষ্টিকর খাবার, যথেষ্ট পানি ও ঘুমও চুলের স্বাস্থ্যে জরুরি ভূমিকা রাখে।

২০২৬-এর সবচেয়ে বড় বার্তা হলো, চুলকে নিখুঁত দেখানোর প্রয়োজন নেই। যে চুল মুক্তভাবে নড়ে, আলোয় ঔজ্জ্বল্য ধরে রাখে এবং বাড়তি যত্ন ছাড়াই প্রাণবন্ত থাকে, তাই সবচেয়ে আকর্ষণীয়। শেষপর্যন্ত, সত্যিকারের সুন্দর চুল কখনো জোর করে নজর কাড়ে না; বরং নিজের স্বাস্থ্যকুর উপস্থিতি জানান দেয়।