যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধ অবস্থানের নিয়মে গুরুত্বপূর্ণ রদবদল এনেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। বহুদিনের প্রচলিত ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (ডি/এস) ব্যবস্থা পরিত্যাগ করে একটি নির্দিষ্ট সময়সীমাভিত্তিক কাঠামো প্রণয়ন করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীদের ভিসার মেয়াদ ও তাদের প্রকৃত অবস্থানের অনুমতির মধ্যে দীর্ঘদিনের বিভ্রান্তির নিরসন হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

অতীতে এফ-১ অভিবাসন মর্যাদার আওতায় শিক্ষার্থীরা দেশটিতে পা রাখার পর তাদের ইলেকট্রনিক আই-৯৪ নথিতে ডি/এস উল্লেখ থাকত। কোনো নির্দিষ্ট সমাপ্তির তারিখ ছাড়াই কেবল বৈধ প্রতিষ্ঠানে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত থাকা ও অভিবাসন বিধি মেনে চলার মাধ্যমে তারা অবস্থান করতে পারতেন। অনেকে পাঠ চুকানোর পরবর্তী গ্রেস পিরিয়ডের সুযোগ নিয়ে অন্য কোনো কর্মসূচিতে নাম লেখিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার পথ খুঁজে নিতেন।

পরিবর্তিত বিধান বাস্তবায়িত হলে এখন থেকে এফ-১১ মর্যাদা প্রাপ্তরা নিজ নিজ একাডেমিক কর্মসূচির স্থায়িত্ব অনুসারে প্রাথমিক অবস্থায় সর্বোচ্চ চার বছর পর্যন্ত দেশে থাকার ছাড়পত্র পাবেন। যেমন, একজন শিক্ষার্থী যদি চার বছর মেয়াদি স্নাতক কোর্সে অধ্যায়নরত হন এবং নির্ধারিত সময়ে তা সমাপ্ত করেন, তবে তাকে কোনো বাড়তি আবেদনের ধকল ছাড়াই কেবল সংক্ষিপ্ত গ্রেস পর্বের ভেতর দেশ ত্যাগ করতে হবে।

পূর্বে এ ধরনের কর্মসূচি দীর্ঘায়িতকরণের ভার অনেকটাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (এসইভিআইএস) কাঠামোর ওপর ন্যস্ত ছিল। এখন সে দায় কেন্দ্রীয় প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে স্থানান্তরিত হচ্ছে।

অধিক মেয়াদে পাঠ শেষ করতে অপারগ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের দ্বারস্থ হয়ে আনুষ্ঠানিক ‘এক্সটেনশন অব স্টে’র প্রার্থনা করতে হবে।

উল্লেখ্য, এই নতুন নিয়মাবলি ভিসা আবেদনের যোগ্যতা, প্রক্রিয়া বা পাসপোর্টে মুদ্রিত ভিসার বৈধতা কালে কোনো রকম পরিবর্তন আনছে না। এটি নিছক অভিবাসন আইনের অধীনে অবস্থানের অনুমতি সংক্রান্ত একটি সংশোধনী।

কর্তৃপক্ষের ভাষ্য, সময়াবদ্ধ এ কাঠামোয় নির্দিষ্ট ব্যবধানে শিক্ষার্থীদের নথি নিয়মিত পর্যালোচনা করা সহজতর হবে এবং সম্ভাব্য প্রতারণার দরজাও বন্ধ হবে।

একই সাথে, পাঠ্যসূচি সমাপনের পর শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত গ্রেস পিরিয়ডও সংকুচিত করে আনা হয়েছে। অতীতে তারা ৬০ দিনের একটি ছাড়কাল পেতেন বিদায় নিতে, ভিন্ন কোনো শিক্ষাঙ্গনে নামান্তর হতে বা অভিবাসন ধারা বদলাতে। এখন সেই সময় সীমা কেটে ৩০ দিনে নামিয়ে আনা হয়েছে।