বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের (এএফএনএস) আওতায় শুধুমাত্র নারী প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। পদের নাম ‘নার্স’ নির্ধারণ করা হয়েছে, তবে পদসংখ্যা উল্লেখ করা হয়নি।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার মধ্যে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে। পাশাপাশি সরকার অনুমোদিত নার্সিং কলেজ থেকে বিএসসি-ইন-নার্সিং ডিগ্রি অর্জন এবং ইন্টার্নশিপ সম্পন্ন করা আবশ্যক। শারীরিক দিক থেকে প্রার্থীর উচ্চতা কমপক্ষে ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) এবং ওজন ৪৬ কেজি (১০০ পাউন্ড) হতে হবে। বুকের স্বাভাবিক মাপ ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) এবং প্রসারণকালে ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর। বৈবাহিক অবস্থার ক্ষেত্রে অবিবাহিতা, বিবাহিতা, বিধবা বা তালাকপ্রাপ্তা—সবাই আবেদনের জন্য বিবেচিত হবেন। বেতন ও ভাতা সশস্ত্র বাহিনীর প্রচলিত বেতনক্রম অনুযায়ী নির্ধারিত হবে এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
নির্দিষ্ট কিছু শর্তে প্রার্থী অযোগ্য বিবেচিত হবেন। সেনা, নৌ বা বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগকারী ব্যক্তিরা আবেদনের অযোগ্য। ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত প্রার্থীরাও আবেদন করতে পারবেন না। চোখের দৃষ্টিজনিত সমস্যার ক্ষেত্রে প্রতিটি চোখে ক্ষীণদৃষ্টি ও দূরদৃষ্টি ২.৫ ডাইঅপ্টারের বেশি এবং বিষমদৃষ্টি ১.০ ডাইঅপ্টারের বেশি হলে অযোগ্যতা ধরা হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলেও প্রার্থী অযোগ্য হবেন।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডানদিকের ‘APPLY NOW’ বাটনে ক্লিক করতে হবে। সেখানে ‘৪৪TH AFNS’ অপশন নির্বাচন করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ফি ১,০০০ টাকা ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল-আপ লেটার পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৬ নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত বিজ্ঞপ্তি সেনাবাহিনীর ওয়েবসাইটে দেখা যাবে।




