বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। আগামী তিন বছর, অর্থাৎ ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত এই পর্ষদ দায়িত্ব পালন করবে। গত ৪ জুন থেকে সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্বে রয়েছেন মো. মিজানুর রহমান খান। তিনি ১৯৯৭ সালে এলাকা সমন্বয়কারী হিসেবে প্রশিকায় যোগ দেন এবং দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে বিভিন্ন পদে সুনামের সঙ্গে কাজ করার পর পরিচালক পদে উন্নীত হন। ময়মনসিংহের গৌরীপুরে তাঁর বাড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

নতুন পর্ষদের চেয়ারপারসন পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি একই বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মাইক্রোফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালকও বটে। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্টার্লিং এবং ফিলিপাইনের এশীয় উন্নয়ন ব্যাংকে (এডিবি) সিনিয়র ফেলো ও ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। ক্ষুদ্রঋণ, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু অর্থায়ন বিষয়ে তাঁর দেশি-বিদেশি জার্নালে প্রায় ৩০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ডিএফআইডিসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থায় পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি। উন্নয়ন ও গবেষণামূলক কাজে বিশ্বের ৭০টির বেশি দেশ ভ্রমণ করেছেন এই শিক্ষাবিদ।

নতুন পরিচালনা পর্ষদে ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. শহীদ উজ জামান। ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন শমরিতা হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. নুরুল ইসলাম তুহিন। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন বিশিষ্ট নারী অধিকার কর্মী ও উন্নয়নকর্মী রফিকা আক্তার। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সমাজকর্মী মো. আবদুল খালেক তালুকদার ও সমাজকর্মী রেণুকা বিশ্বাস। পর্ষদের অন্য সদস্যরা হলেন পিদিম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এডভিন বরুণ ব্যানার্জী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন শামস এবং সেন্টার ফর ও ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেসের (সিডিআইপি) নির্বাহী পরিচালক মিফতাহ নাইম হুদা।

নতুন এই কমিটির অধীনে প্রশিকার প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দেশের সর্বত্র সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তি ও উন্নয়ন সহযোগীরা।