বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ বিনিয়োগের ইচ্ছা জানিয়েছে সৌদি আরব। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে নেতৃত্ব দেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবাবিষয়ক উপমন্ত্রী রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ। তাঁর সঙ্গে ছিলেন রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সৌদি প্রতিনিধিরা ভবিষ্যতে এই সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাঁর সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকালে সৌদি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে একটি বে টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি তারা দেশটির বন্দর ব্যবস্থাপনায় মোট বিনিয়োগ এক বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে আগ্রহী বলে জানানো হয়। এছাড়া রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালসহ সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগ করতে চায় বলে প্রতিনিধিদল উল্লেখ করে।

প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও উদ্যোগ সম্পর্কে সৌদি প্রতিনিধিদলকে অবহিত করেন। প্রতিনিধিদল জানায়, তারা বাংলাদেশের বন্দর ও রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলেও তারা ইঙ্গিত দেয়।

বাংলাদেশ সফর এবং এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জবাবে প্রতিনিধিরা জানান, তারা সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন সৌদি আরবের বিনিয়োগ উন্নয়নবিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালনা পর্ষদের প্রধান নির্বাহী আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের প্রধান নির্বাহী লার্স ভ্যাং এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া।