রাজশাহী শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বগুড়ার শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন কলেজ কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র বিতরণের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কলেজ পরিদর্শক মাহবুব আলমকে প্রধান করে গঠিত এই দুই সদস্যের কমিটি আগামীকাল বৃহস্পতিবার সরেজমিন তদন্তে যাবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার এইচএসসি পরীক্ষার যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষার সময়। ১০৭ নম্বর কক্ষে ৪২ জন নিয়মিত পরীক্ষার্থীকে গত বছরের (২০২৫) সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়, যা আসলে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত ছিল। অথচ চলতি বছরের (২০২৬) সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র দেওয়ার কথা ছিল। পরীক্ষা শেষ হলে শিক্ষার্থীরা বিষয়টি কেন্দ্রসচিবের নজরে আনেন।

কেন্দ্র কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভুল স্বীকার করে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত প্রতিবেদন পাঠায়। ওই প্রতিবেদনে বলা হয়, কক্ষ পরিদর্শকের অসাবধানতার কারণে ২০২৬ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। যদিও একই কেন্দ্রের অন্যান্য কক্ষে সঠিক প্রশ্নপত্রই দেওয়া হয়েছিল। ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত উল্লেখ করে পরীক্ষার্থীদের স্বার্থে মানবিক বিবেচনার আবেদন জানানো হয়।

শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজের অধ্যক্ষ আবুল কালাম আসাদ জানান, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে মোট ১০৭ জন নিয়মিত ও ৭ জন পুরোনো সিলেবাসের পরীক্ষার্থী ছিলেন। ১০৭ নম্বর কক্ষে ৭ জন পুরোনো সিলেবাসেরসহ ৫০ জন পরীক্ষার্থী ছিলেন। সেখানে পরীক্ষা কমিটির সদস্যদের ভুলে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র ৪৯ জনের মধ্যে বিতরণ হয়, যার মধ্যে ৪২ জন নতুন সিলেবাসের শিক্ষার্থী ছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফ্ফাত জেরীন রাতে মুঠোফোনে জানান, তদন্ত কমিটিকে প্রশ্নপত্র বিতরণে গাফিলতির জন্য দায়ীদের চিহ্নিত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুধবার একই কেন্দ্রে পদার্থবিজ্ঞান ও হিসাববিজ্ঞান পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়।