রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকালে ‘সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরাম’ আয়োজিত এক সুফিবাদী সুন্নি মহাসমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘তৌহিদি জনতার’ স্লোগান যারা মাজার-খানকায় আক্রমণ চালিয়েছে, তাদের প্রকৃত চেহারা এখন জনসমক্ষে স্পষ্ট হয়ে উঠছে। সংগঠনটির সভাপতি আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী এ মন্তব্য করে বলেন, তাওহিদে বিশ্বাস স্থাপনের পাশাপাশি শানে রিসালাত ও শানে বেলায়েতের ওপর পরিপূর্ণ আস্থা রাখাই একজন মুসলমানের অপরিহার্য পরিচয়।
সভাপতির আসন থেকে আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী দেশজুড়ে আউলিয়ায়ে কেরামের মাজার ও খানকায় সংঘটিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের তীব্র নিন্দা জানান এবং এসব বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের জোর দাবি জানান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় নেতার পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে সারা দেশ থেকে সুন্নি আলেম-উলামা, বিভিন্ন দরবারের সাজ্জাদানশিন পীর এবং সুন্নি শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন।
উগ্রবাদী সহিংসতার বিরুদ্ধে কুরআন-সুন্নাহ ও আউলিয়ায়ে কেরামের প্রদর্শিত শান্তিপূর্ণ, মানবিক ও আধ্যাত্মিক ইসলামের চর্চা ও প্রসারের আহ্বান জানান বক্তারা। এছাড়া, ধর্মীয় স্থাপনার পবিত্রতা রক্ষার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, খুন, ধর্ষণ এবং মদ, জুয়া, গাঁজাসহ সকল প্রকার মাদকের অবৈধ কারবার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
মহাসমাবেশে প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ এমদাদ উদ্দীন নিজামপুরী স্বাগত ভাষণ প্রদান করেন। সমাবেশের মূল প্রস্তাবনা উপস্থাপন করেন পীরে তরিকত আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী, পীর সিরাজুল আমিন রেজভী, স উ ম আব্দুস সামাদ, উসমান গনী সালেহী, সাইফুল ইসলাম ও আবু সুফিয়ান খান আবেদীসহ আরও অনেকে।




