স্থানীয় একটি মাদক কার্টেলের প্রধানের গ্রেপ্তারের জেরে মেক্সিকোর মেকোয়াকান রাজ্যে নিজেদের সকল সরকারি কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এ ঘোষণা দেওয়ার সময় ওয়াশিংটন জানায়, মার্কিন স্বার্থের প্রতি হুমকির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা এই সতর্কতার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানিযোগ্য অ্যাভোকাডোর বাধ্যতামূলক পরিদর্শনও স্থগিত রাখা হয়েছে।

মেকোয়াকানের গভর্নর আলফ্রেডো রামিরেস বেডোলা সামাজিক মাধ্যম বার্তায় জানান, চাঁদাবাজি সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে সম্প্রতি গ্রেফতারের পরিপ্রেক্ষিতে পরিদর্শকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই অস্থায়ী বিরতি। যদিও মার্কিন দূতাবাস তাদের নিরাপত্তা বার্তায় হুমকির বিস্তারিত কোনো বিবরণ দেয়নি।

অ্যাভোকাডো বাণিজ্যে রপ্তানির আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পরিদর্শকদের ছাড়পত্র বাধ্যতামূলক। এই পরিদর্শন কার্যক্রম বর্তমানে স্তিমিত থাকায় রপ্তানিতে বিঘ্ন ঘটার গভীর শঙ্কা সৃষ্টি করেছে। পশ্চিম মেক্সিকোর এ রাজ্যটি যুক্তরাষ্ট্রের মূল অ্যাভোকাডো সরবরাহকারী এবং ট্রাম্প প্রশাসন কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত অন্তত চারটি মাদক চক্র এখানে সক্রিয়। মাদক পাচারের পাশাপাশি অ্যাভোকাডো শিল্প থেকেও চাঁদা আদায় করে এসব চক্র।
মেকোয়াকানের নিরাপত্তা সচিব আন্টোনিও ক্রুজ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, গভর্নর যে গ্রেফতারি প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, তার মধ্যে রয়েছে ‘এল পোঞ্চো’ নামে পরিচিত আলফোন্সো ফের্নান্দেজ মাগালনের আটক। তিনি লস রেয়েসের আশপাশের অ্যাভোকাডো চাষের এলাকায় সক্রিয় একটি স্থানীয় কার্টেনের নেতা। সাপ্তাহিক ছুটির ওই গ্রেফতারি অভিযানকে স্বাগত জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রোনাল্ড জনসন। উল্লেখ্য, ফের্নান্দেজ মাগালনের মাথার জন্য যুক্তরাষ্ট্র সরকার ৫০ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

ক্রুজ বলেছেন যে অ্যাভোকাডো পরিদর্শকদের সাথে সরাসরি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য তাদের কাছে নেই। তবুও, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে লস রেয়েস অঞ্চলে ৩০০ নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। গভর্নর জানিয়েছেন, অতীতে যেমনটা ঘটেছে, তেমনিভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় নিরাপত্তা অবস্থা নিশ্চিত করাই বর্তমানে অগ্রাধিকার পাচ্ছে।

মেক্সিকোর সরবারাহ করা অ্যাভোকাডো ‘সবুজ সোনা’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের অ্যাভোকাডো আমদানির প্রায় ৮০ শতাংশই আসে মেক্সিকো থেকে। কেবল মেকোয়াকানেই এর চাষ প্রায় দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি করে। ২০২৫ সালে দেশটিটি ৩৬৫ কোটি ডলার মূল্যের অ্যাভোকাডো মার্কিন বাজারে বিক্রি করেছে। চলতি বছরের প্রথম চার মাসে, এই রপ্তানি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৩৫% বৃদ্ধি পায়। কীটপতঙ্গমুক্ত পণ্য নিশ্চিত করতে মার্কিন কৃষি বিভাগের পরিদর্শকরা মেক্সিকোর বাগান ও প্যাকেজিং হাউসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করে। অতীতেও এসব পরিদর্শকের বিরুদ্ধে হুমকি ও সহিংসতার ঘটনায় একইভাবে পরিদর্শন স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র।