দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত পাঁচ মাসে ৯০০ জনের বেশি শিশুর প্রাণহানি ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে হামের উপসর্গে আরও ৮ শিশু মারা গেছে। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং সিলেটে ২ জন রয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। অন্যদিকে, হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। অর্থাৎ, এই পাঁচ মাসে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে হাম ও এর উপসর্গের কারণে।
গত ২৪ ঘণ্টার হিসাবে নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৭২৮ শিশু। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৭০ জনের শরীরে। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯৮ জনে। হাসপাতালে ভর্তির তথ্য বলছে, গত এক দিনে হামে আক্রান্ত হয়ে ৭০০ শিশুকে ভর্তি করা হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪৯ জন।
দীর্ঘ এই সময়ে সারাদেশে হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা এক লাখ ৪১ হাজার ৭৭৬ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮০০ শিশুর। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ মিলিয়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা এক লাখ ৫৯ হাজার ৫৭৬ জন। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১৯ হাজার ৮৯ শিশু।
উল্লেখযোগ্য বিষয় হলো, হামে মৃত্যুর ৫১ শতাংশ ঘটনা এমন শিশুদের মধ্যে ঘটেছে যাদের এখনো টিকার বয়স হয়নি।




