প্রথমে বানের ডো (ডো) তৈরির কাজ শুরু করতে হবে। একটি পাত্রে একটি ডিম, দুই টেবিল চামচ ইস্ট, এক চা-চামচ লবণ ও দুই টেবিল চামচ চিনি একসাথে মিশিয়ে নিন। এর সাথে আধা কাপ হালকা গরম দুধ যোগ করে ভালোভাবে মিশিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিন। ইস্ট যাতে সক্রিয় হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর দুই কাপ ময়দা ও দুই টেবিল চামচ তেল দিয়ে ডোটি মাখতে হবে। প্রয়োজনে আরও কিছুটা গরম দুধ ব্যবহার করা যেতে পারে। ডোটি এমন হবে যাতে হাতে লেগে না যায় বা খুব শক্ত না হয়; এটি হবে নরম ও মোলায়েম। তৈরি ডোটি একটি পরিষ্কার কাপড় বা কাগজ দিয়ে ঢেকে প্রায় এক ঘণ্টা রেখে দিন, যতক্ষণ না তা দ্বিগুণ আকারে ফুলে ওঠে।
ডো ফোলার সময় চিকেন ফিলার তৈরি করে নেওয়া যেতে পারে। একটি মুরগির বুকের অংশ নিয়ে তাতে এক চা-চামচ করে আদা বাটা ও রসুন বাটা, এক চা-চামচ সিরকা (ভিনেগার), দুই টেবিল চামচ কাঁচা মরিচ কুচি ও প্রয়োজনমতো লবণ মিশিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে মাংস পিষে কিমা করে নিন। এবার একটি প্যানে কিছু মাখন গরম করে তাতে এক টেবিল চামচ ময়দা দিয়ে ভাজতে থাকুন। কিছুক্ষণ পর সূক্ষ্মভাবে কাটা পেঁয়াজ দিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না পেঁয়াজ চকচকে হয়। এরপর তৈরি মুরগির কিমা প্যানে দিয়ে নাড়ুন। এক কাপ তরল দুধ, সিকি চা-চামচ গোলমরিচ গুঁড়া, এক চা-চামচ চিনি ও সামান্য সয়া সস মিশ্রণে দিয়ে নাড়তে থাকুন। সবশেষে একটি ডিম ফেটিয়ে মিশ্রণে ঢেলে দিন। ফিলার ঘন হয়ে এলে নামিয়ে নিলেই তৈরি চিকেন ফিলার।
ডো ফুলে দ্বিগুণ হলে সেটি নামিয়ে পছন্দমতো ছোট লেচি কেটে নিন। একটি লেচি গোল করে বেলে মাঝখানে পর্যাপ্ত চিকেন ফিলার দিন। ফিলারটি ভালোভাবে মুড়িয়ে আবার গোল বানের আকার দিন। তৈরি বানগুলি একটি পাত্রে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন, যাতে আবার ফুলে ওঠে। এরপর হালকা গরম তেলে মাঝারি আঁচে বাদামি করে ভেজে নিন। ইচ্ছে করলে বানগুলি ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ থেকে ১৫ মিনিট বেক করেও প্রস্তুত করা যেতে পারে।



