মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস ফ্রগ্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ৭ আগস্ট অনুষ্ঠিত রাজকীয় এ আয়োজনে উপস্থিত ছিলেন পাহাংয়ের সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ। তিনি মালয়েশিয়ার সাবেক রাজা ও বর্তমান পাহাংয়ের শাসক। খবরটি প্রথম প্রকাশ করে হ্যালো ম্যাগাজিন।
রাজকন্যা ইলিয়ানা মালয়েশিয়ার ১৬তম ইয়াং ডি-পারতুয়ান আগং বা রাজা সুলতান আবদুল্লাহর কন্যা। মালয়েশিয়ার অনন্য রাজতন্ত্র ব্যবস্থায় ৯ জন বংশানুক্রমিক শাসক পর্যায়ক্রমে পাঁচ বছর মেয়াদে দেশের রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে সুলতান আবদুল্লাহ এই দায়িত্ব গ্রহণ করেন এবং পাঁচ বছর মেয়াদ শেষে তা ছেড়ে দেন।
বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে ফ্রগ্যাট সুন্নত নামাজ আদায় করেন। ইসলামিক ও মালয় রাজকীয় প্রথা অনুসারে অনুষ্ঠানে আংটিবদল এবং মাস কাহউইন বা ঐতিহ্যবাহী উপহার প্রদানের পর্ব সম্পন্ন হয়। এরপর মোনাজাতের পাশাপাশি ‘মেরেনজিস’ নামের একটি প্রতীকী প্রথা পালন করা হয়, যেখানে নবদম্পতিকে আশীর্বাদ করতে পানি ছিটানো হয়। অতিথিদের মধ্যে পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ান উপস্থিত ছিলেন। পাহাংয়ের যুবরাজ টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহও এই অনুষ্ঠানে অংশ নেন।
বিয়ের পর পাহাং রাজপরিবারের পক্ষ থেকে প্রকাশিত আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘মহামান্য টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা এবং ক্রিস্টোফার লিওনেল ফ্রগ্যাট বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সুখ, কৃপা ও দীর্ঘস্থায়ী সমৃদ্ধি লাভ করুন। তাঁদের পরিবার হয়ে উঠুক সাকিনাহ, মাওয়াদ্দাহ ওয়া রাহমাহ (শান্তিপূর্ণ, স্নেহশীল এবং করুণাময়)।’
বিয়ের দিন রাজকন্যা ইলিয়ানা মালয়েশিয়ার ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের নকশা করা গাউন পরেছিলেন। মাথায় ছিল রাজপরিবারের বংশানুক্রমিক রত্ন রানি আজিজাহ ডায়মন্ড টিয়ারা। ব্রাসেলসের বেলজিয়ান জুয়েলার্স ওলফার্স থেকে সংগৃহীত এই টিয়ারা আগেও পাহাং রাজপরিবারের নববধূরা ব্যবহার করেছেন।
৩২ বছর বয়সী ফ্রগ্যাট জিটি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ ইউরোপ এন্ডুরেন্স কাপসহ বিভিন্ন জিটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। পেশাদার মোটরস্পোর্টের প্রতি তাঁর এই আগ্রহের পেছনে ইতালিতে ফেরারি চালানোর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টেম্পেস্টা রেসিংয়ের জীবনী অনুযায়ী, ছোটবেলা থেকে কোয়াড বাইক ও মোটোক্রস চালানোর মাধ্যমে গতির প্রতি তাঁর মুগ্ধতা তৈরি হয়। তবে গাড়ি রেসিংয়ে তিনি আসেন ২৪ বছর বয়সে। ইতালির ফিওরানো টেস্ট ট্র্যাকে এক বন্ধুর আমন্ত্রণে ফেরারি চালানোর ঘটনাই তাঁর জীবনের মোড় ঘোরায় এবং সেখান থেকেই আন্তর্জাতিক মোটর রেসিংয়ে যাত্রা শুরু।




