আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা 'মেট রোভ ২০২৬'-এ শিরোপা জয়ী বাংলাদেশের দলের সঙ্গে রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে এ সাক্ষাতের সময় তিনি তরুণ এই উদ্ভাবকদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে সর্বাত্মক সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সরকারপ্রধান বলেন, তরুণ উদ্ভাবকেরাই জাতির অগ্রগতির চালিকাশক্তি। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপের উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। পোশাকশিল্পের পাশাপাশি নতুন রপ্তানি খাত হিসেবে সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার এবং কসমেটিকস শিল্পের বিকাশে গুরুত্বারোপ করে তিনি বলেন, বহুমুখী রপ্তানি অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে।

বৈঠকে শিক্ষার্থীরা তাদের পুরস্কারজয়ী আন্ডারওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। তিনি রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা এবং এর বাস্তব প্রয়োগ সম্পর্কে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করেন এবং দীর্ঘ আলোচনা করেন। এই ধরনের উদ্ভাবন দেশের সক্ষমতাকে নতুন মাত্রা দেবে মন্তব্য করে তারেক রহমান রোবটটির প্রযুক্তিগত উৎকর্ষ বৃদ্ধি, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণের জন্য জরুরি সরকারি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতের এক পর্যায়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে তারা জানায়, পড়াশোনা সমাপ্তির পর প্রযুক্তি খাতেই ক্যারিয়ার গড়তে এবং নিজস্ব উদ্যোগে নতুন কিছু সৃষ্টি করতে আগ্রহী। এর পরিপ্রেক্ষিতে তারেক রহমান আশ্বাস দেন, তারা যদি প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তোলে, তাহলে সরকারের স্টার্টআপ কর্মসূচির আওতায় প্রয়োজনীয় সব রকমের সহায়তা দেওয়া হবে। তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে আরও এগিয়ে নিতে উদ্ভাবক, গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তাদের সামনে আসতে হবে।

সেমিকন্ডাক্টর শিল্পকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এই খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এসে এই শিল্পের বিকাশে ভূমিকা রাখার আহ্বানও জানানো হয়েছে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, প্রতিটি ক্ষেত্রে সবাই নিজ নিজ জায়গা থেকে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে বাংলাদেশ অতি দ্রুত এগিয়ে যাবে।

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, এমআইএসটির শিক্ষকমণ্ডলী ও প্রতিনিধিদলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত 'মেট রোভ ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬'-এ ১৮টি দেশের ৮৮টি দলের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এমআইএসটি ম্যাভিরভ দল। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবের মতো দেশের শীর্ষ প্রতিষ্ঠানের দলগুলোকে পেছনে ফেলে উদ্ভাবনী চিন্তা, প্রকৌশল দক্ষতা ও দলগত সমন্বয়ের ভিত্তিতে এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রযুক্তিগত সামর্থ্যের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে গণ্য করা হচ্ছে।