সৌর ইনভার্টার ও জ্বালানি সঞ্চয় প্রযুক্তিতে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রতিষ্ঠান গুডউই দেশের বাজারে নিয়ে এসেছে তাদের ইও জি২ অফগ্রিড ইনভার্টার ও লিংক্স এ জি৪ ১৬.১ কিলোওয়াট-ঘণ্টা ক্ষমতার লো ভোল্টেজ ব্যাটারি। কোম্পানির দাবি, এই আবাসিক এনার্জি সমাধানটি বাংলাদেশি পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দীর্ঘদিনের ডিজেল জেনারেটরের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তি লাঘব করতে সক্ষম হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে জানা যায়, গুডউই ইতিমধ্যেই স্থানীয়ভাবে তাদের উপস্থিতি জোরালো করছে। প্রতিষ্ঠানটি ৪৫টিরও বেশি জেলায় সেবা সম্প্রসারণের পাশাপাশি শতাধিক ইপিসি পার্টনারের একটি নেটওয়ার্ক তৈরি করেছে এবং ৬০০টিরও বেশি পরিবারকে নির্ভরযোগ্য ক্লিন এনার্জি সরবরাহ করছে। যদিও প্রত্যন্ত অঞ্চলে লাখ লাখ সোলার হোম সিস্টেম আগে থেকেই আছে, তবুও গ্রিড অবকাঠামোর অনির্ভরযোগ্যতার কারণে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ এখনো একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে পরিবার ও ছোট ব্যবসার জন্য। এই প্রেক্ষাপটেই ইও জি২ সলিউশনটি বাজারজাত করা হচ্ছে।

সিস্টেমটির বিশেষত্ব এর অতি দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা। গ্রিড থেকে বিদ্যুৎ চলে গেলে মাত্র ৪ মিলিসেকেন্ডের মধ্যে এটি ব্যাকআপ পাওয়ারে চলে যায়, যা বিদ্যুৎ চলে যাওয়ার টের পাওয়ার আগেই ব্যবস্থাটিকে চালু রাখে। পুরো প্রক্রিয়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়, ব্যবহারকারীকে কোনো সুইচ চাপতে বা ম্যানুয়ালি কিছু চালু করতে হয় না। শুধু গতি নয়, স্থাপনেও রয়েছে সরলতা। সিস্টেমটি মোটামুটি পাঁচ মিনিটে ইনস্টল ও চালু করা যায়।

যন্ত্রটির নকশা করা হয়েছে রুক্ষ আবহাওয়া সহ্য করার মত করে। এতে আছে আইপি৬৬ রেটিং এর সিল্ড আবরণ ও বিমান পরিবহন স্তরের কানেক্টর। ফলে পানি, ধূলাবালি, স্যাঁতসেঁতে ভাব এবং মাইনাস ৩৫ ডিগ্রি থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসের মত চরম তাপমাত্রার প্রভাব এর কোনো ক্ষতি করতে পারবে না।

ওয়ারেন্টি সুবিধার দিকেও মনোযোগ দিয়েছে গুডউই। ইও জি২ ইনভার্টারটি ৫ বছরের ওয়ারেন্টি এবং লিংক্স এ জি ৪ ব্যাটারিটি সর্বোচ্চ ৭ বছরের ওয়ারেন্টির আওতায় থাকবে। কোম্পানির সেলস প্রধান জেমস হো এক বিবৃতিতে বলেন, "ইও জি২ তৈরির পেছনে আমাদের লক্ষ্য ছিল এমন একটি আবাসিক এনার্জি স্টোরেজ সলিউশন দেওয়া, যেটি হবে নিরাপদ, নির্ভরযোগ্য এবং সহজে স্থানীয়যোগ্য।" তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের মতো বাজারের সুনির্দিষ্ট চাহিদা সামনে রেখেই এই যন্ত্রটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।