সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ১০ টাকার শিঙাড়ার বিল পরিশোধের একটি সাধারণ ঘটনা বাংলাদেশের ডিজিটাল অর্থব্যবস্থার এক ব্যাপক রূপান্তরের ইঙ্গিত বহন করছে। ওই শিক্ষার্থী নগদ অর্থের বদলে তার মুঠোফোনে ‘রূপালী ই-ব্যাংক’ মোবাইল অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর কোড স্ক্যান করতেই লেনদেন সম্পন্ন করেন। এই ছোট্ট দৃষ্টান্তটির মধ্যেই প্রতিফলিত হচ্ছে নগদহীন লেনদেনের প্রসার, যা এখন শুধু বড় শহরের বিপণিবিতানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাফেটেরিয়া থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের দোকান পর্যন্ত পৌঁছে গেছে।

দীর্ঘকাল ধরে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল ওয়ালেট জীবনযাত্রাকে সহজ করলেও একাধিক সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা কিউআর কোডের প্রয়োজন ডিজিটাল লেনদেনকে জটিল করে তুলেছিল। একজন ব্যবসায়ীকে একাধিক কোড প্রদর্শন করতে হতো এবং গ্রাহকও নির্দিষ্ট অ্যাপে বাধা থাকতেন। এই বিভক্তির অবসান ঘটানোর লক্ষ্যেই 'বাংলা কিউআর'-এর প্রবর্তন করা হয়, যা গত ১ জুলাই থেকে সব ব্যাংকের জন্য বাধ্যতামূলক হয়ে উঠেছে। এর মূল প্রতিপাদ্য হলো 'এক দেশ, এক ছজ, লেনদেনে বাংলা কিউআর', অর্থাৎ একটি মাত্র কোডের মাধ্যমেই অংশীদার সকল ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠানের গ্রাহক নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করতে পারবেন।

এই ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী দিকটি হলো এর মাধ্যমে 'কি-বোর্ডলেস অর্থনীতি'-র পথ সুগম হওয়া। এটি এমন এক পরিকল্পনা যেখানে প্রযুক্তিই মানুষের ভাষা ও অভ্যাস অনুযায়ী কাজ করবে, ব্যবহারকারীকে আর জটিল নির্দেশনা মনে রাখতে বা দীর্ঘ তথ্য টাইপ করতে হবে না। প্রযুক্তির কেন্দ্রে মানুষকে রেখে এই দর্শনের বাস্তবায়ন ঘটতে চলেছে। একটি কিউআর কোডের বর্গাকার নকশার ভেতরেই গ্রাহকের পরিচয়, হিসাবের তথ্য, নিরাপত্তা ও লেনদেনের সম্পূর্ণ নির্দেশনা লুকিয়ে থাকবে।

বাংলাদেশের বিশাল অপ্রাতিষ্ঠানিক খাতের জন্য বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এসব ক্ষুদ্র ব্যবসার দৈনন্দিন নগদ লেনদেন, আয়-ব্যয়ের হিসাব-নিকাশের কোনো প্রাতিষ্ঠানিক ডিজিটাল রেকর্ড থাকে না, যার ফলে ব্যাংকিং সুবিধা, বিশেষ করে ঋণ পাওয়া তাদের জন্য কঠিন। কিন্তু বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন হলে প্রতিটি ব্যবসার একটি বিশ্বাসযোগ্য ডিজিটাল আর্থিক ইতিহাস গড়ে উঠবে। কোনো ব্যবসায়ী দৈনিক কত বিক্রি করছেন ও তার প্রবৃদ্ধির চিত্র সংরক্ষিত থাকলে, ব্যাংকগুলো সেই তথ্যের ভিত্তিতে ঝুঁকি বিশ্লেষণ করে সহজেই তাদের ঋণ দিতে পারবে এবং নতুন নতুন আর্থিক সেবা প্রদান করতে সক্ষম হবে।

এখানেই ওপেন ব্যাংকিং-এর প্রকৃত ক্ষমতা প্রকাশ পায়। ওপেন ব্যাংকিং এমন এক কাঠামো যেখানে গ্রাহকের সম্মতিতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিরাপদে তথ্য শেয়ার করে সেবা উন্নত করে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, সিঙ্গাপুর ও ব্রাজিলের মতো দেশে এটি নতুন আর্থিক পণ্য তৈরিতে অগ্রণী ভূমিকা রাখছে। এই ব্যবস্থা সফল করতে হলে সবার জন্য উন্মুক্ত একটি ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক অপরিহার্য, আর বাংলা কিউআর হতে পারে তারই প্রাথমিক ভিত্তি। ডিজিটাল পেমেন্ট লেনদেনের পথ তৈরি করলে, ওপেন ব্যাংকিং সেই পথে ডিজিটাল ঋণ, তাৎক্ষণিক বিমা, কৃষিঋণ ও ব্যক্তিগত সঞ্চয় পণ্যের মতো অসংখ্য সুযোগ এনে দেয়।

তবে এই পুরো প্রক্রিয়ার সাফল্যের চাবিকাঠি হলো জনগণের আস্থা। এজন্য গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার হুমকি মোকাবিলা করা এবং অনুমতি ছাড়া তথ্য ব্যবহার না করার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে হবে। পাশাপাশি নাগরিকদের ডিজিটাল আর্থিক সেবায় সচেতন করে তোলার জন্য ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ফিনটেক কোম্পানি ও প্রযুক্তি উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। এই লক্ষ্যে সরকার, বাংলাদেশ ব্যাংক, বিটিআরসি, টেলিকম অপারেটর এবং ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি জাতীয় কর্মসূচি গ্রহণ করা আবশ্যক, যার অগ্রাধিকার হবে সবার জন্য বিনা মূল্যে বাংলা কিউআর ব্যবহার নিশ্চিত করা।

বাংলাদেশ স্মার্ট অর্থনীতির অভিমুখে যাত্রা করছে। এই যাত্রায় বাংলা কিউআর কেবল একটি অর্থ প্রদানের নতুন কৌশল নয়; এটি একটি নবীন অর্থনৈতিক দর্শনের সূচনা। যে শিক্ষার্থী আজ ১০ টাকার শিঙাড়ার মূল্য পরিশোধে কিউআর কোড ব্যবহার করলেন, সেই একই ডিজিটাল পরিচয় ভবিষ্যতে হয়তো একজন খুচরা ব্যবসায়ীকে সহজে ঋণ পেতে, একজন কৃষকে কৃষিঋণ নিতে, একজন নারী উদ্যোক্তাকে পুঁজি সংগ্রহ করতে এবং একজন সাধারণ নাগরিককে ঘরে বসেই সরকারি আর্থিক সেবা নিতে সহায়তা করবে। তাই বাংলা কিউআরকে একটি নিছক প্রযুক্তিগত সমাধান ভাবা অনুচিত হবে; এটি একটি মজবুত ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে বাংলাদেশের কি-বোর্ডলেস অর্থনীতি, ওপেন ব্যাংকিং ও একটি বাস্তবিক অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতি গড়ে উঠতে পারে।