গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় রেললাইনের ওপর থেকে দুই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। উপজেলার মহেশপুর রেলস্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। নিহত যুবকরা হলেন মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।
ঘটনাস্থলের স্থানীয় বাসিন্দাদের একাধিক সূত্রে দাবি করা হয়েছে, মেহেদী ও হাসিব উভয়ই মাদকাসক্ত ছিলেন। তবে কীভাবে তারা রেললাইনে উঠেছিলেন, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। মহেশপুর গ্রামের বাসিন্দা খলিল মোল্লা জানান, রাতে ওই যুবকরা রেললাইনে মশার কয়েল জ্বালিয়ে মাদক সেবন করছিলেন। তিনি বলেন, সকালে গিয়ে তারা মশার কয়েলের অর্ধেক অংশ দেখতে পান। এর আগেও তাদের মাদক সেবন করতে দেখা গেছে বলে জানান তিনি। যদিও বারবার নিষেধ করা হলেও তারা কোনো কথা শুনত না বলে মন্তব্য করেন এই বাসিন্দা।
মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী রূপসী বাংলা ট্রেনের নিচে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় লোকজন বুধবার ভোরে রেললাইনের ওপর মরদেহ দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কাশিয়ানী থানার পুলিশ ঘটনাটি রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশকে অবহিত করে। এরপর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে।




