খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর কিসমত এলাকায় এমআরবি (মেসার্স রূপসা ব্রিকস) নামের একটি ইটভাটায় গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফখরুল ইসলাম (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে ফখরুলের দুই ভাই ওই ইটভাটা পরিচালনা করেন এবং তিনি তাদের ব্যবসায় সহযোগিতা করতেন।
স্থানীয় বাসিন্দারা ফখরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফখরুলের বড় ভাই ফরহাদ হোসেন জানান, ফখরুল রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন এবং বর্তমানে যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পাশাপাশি ইটভাটার পাশে মাছ চাষও করতেন তিনি। ঘটনার রাতে নিজের মেয়ের ওষুধ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর কথা ছিল তাঁর, পথে ফরহাদের সাথে দেখা হলে ফখরুল জানান, ওষুধ নিয়ে ইটভাটা থেকে ঘুরে বাড়ি ফিরবেন।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সবুর খান জানান, ফখরুল তাঁর ভাইদের ইটের ব্যবসা দেখভাল করতেন। প্রাথমিক তদন্তে তাঁর শরীরে দুটি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ফরহাদ হোসেন বাদী হয়ে রাতেই থানায় একটি এজাহার দায়ের করেছেন। তবে কে বা কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।




