জাতীয় প্রাথমিক শিক্ষা পদক–২০২৬-এর লোকগীতি বিভাগে সারাদেশের মধ্যে শীর্ষ স্থান দখল করেছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের কন্যা অনয়া সরকার। বুধবার ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক, সনদ ও স্বর্ণপদক তুলে দেন। এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ অনয়া সরকার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, সনদ ও গোল্ড মেডেল লাভ করেন।

অনয়া সরকার সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের শংকর সরকার ও তুলি সরকার দম্পতির সন্তান। তাঁর পিতা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত। বাবার চাকরিস্থলের কারণে অনয়া বর্তমানে কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করছেন।

পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনয়ার তীব্র আকর্ষণ ছিল। এই সাফল্যের পথে তাঁর মা তুলি সরকার, বাবা শংকর সরকার এবং সংগীতগুরু বাবু অশোক কুমার বিশ্বাসের নিরলস উৎসাহ, ত্যাগ ও প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিয়মিত সংগীতচর্চা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমেই জাতীয় পর্যায়ে এ সম্মান অর্জন সম্ভব হয়েছে বলে জানান তাঁরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনয়া একটি ডুয়েট গান ও চারটি কোরাস গানে অংশ নেয়। তাঁর সুমধুর কণ্ঠ, আত্মবিশ্বাসী উপস্থাপনা ও সংগীতপ্রতিভা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

অনয়ার বাবা শংকর সরকার বলেন, “শৈশবে আমার বাবার মৃত্যুর কারণে বড় বোন অর্থাভাবে গান শেখার সুযোগ পাননি। সেই অপূর্ণ স্বপ্ন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম অনয়াকে লেখাপড়ার পাশাপাশি সংগীতের সঠিক শিক্ষা দেব। আমার মেয়ের এই অর্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মা ও সংগীত শিক্ষকের। তাঁদের নির্দেশনা এবং অনয়ার নিরলস প্রচেষ্টার ফলেই আজ সে লোকগীতিতে দেশসেরা হয়েছে।”