রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম জিল্লু মণ্ডল (৫০), পেশায় তিনি ভ্যানচালক। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার একটি মাদ্রাসা চত্বরে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন বিক্ষুব্ধ জনতা। এর আগে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে মারধর করেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে নয়টার দিকে গ্রামের বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশে বের হয় ওই ছাত্রী। পথে আখখেতের মাঝের কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মুখ চেপে ধরেন জিল্লু। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
ঘটনা জানাজানি হলে স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। গতকাল বেলা ১১টার দিকে লোকজন মাদ্রাসায় যান। সাড়ে ১১টায় সেখানে জিল্লু উপস্থিত হলে তাকে মারধর করেন স্থানীয় একাধিক ব্যক্তি। তারা বিচারের দাবিতে বিক্ষোভও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিল্লুকে মাদ্রাসার একটি কক্ষে আটকে রাখা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা থানা-পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
এক প্রত্যক্ষদর্শী জানান, কয়েকজন জিল্লুর বাড়িতে গেলে প্রথমে সে বিষয়টি এড়িয়ে যায়, পরে স্বীকার করে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। গতকাল বিকেলেই আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়।




