চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত খাবারের দোকানের কর্মচারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। মো. শাহিন শেখ (২৫) নামের ওই যুবক নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার বাসিন্দা এবং ক্যাম্পাসের রেলস্টেশন এলাকায় একটি খাবারের দোকানে কাজ করতেন।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মঙ্গলবার বিকেলে ক্লাস শেষে চট্টগ্রাম নগরগামী ৪টা ৪০ মিনিটের শাটল ট্রেন ধরার জন্য ওই ছাত্রী স্টেশনে অপেক্ষা করছিলেন। এ সময় শাহিন শেখ তার শ্লীলতাহানি করেন। ঘটনাটি ছড়িয়ে পড়লে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যুবককে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে অবহিত করেন।
পরে অভিযুক্ত শাহিনকে ক্যাম্পাসের নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। রাত ১০টার দিকে তাকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হলে ভুক্তভোগী ছাত্রী একই রাতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় শাহিন শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী গণমাধ্যমকে জানান, দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের লক্ষ্যে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে থানার সাথে সমন্বয় করেছেন। তিনি আরও বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’
এদিকে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হুদা নিশ্চিত করেছেন যে, বিশ্ববিদ্যালয় স্টেশনে শাটল ট্রেনে ওঠার সময় ওই ছাত্রীর সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এবং রাতেই এ সংক্রান্ত মামলা রেকর্ড করা হয়েছে। তিনি জানান, বুধবার অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।




