রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মধ্য বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রেজাউল করিম নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। নিহত নারীর নাম ঝুমুর আক্তার (৩৫)। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার দক্ষিণ বিঘাই গ্রামে। পিতা জাফর হাওলাদার।
পুলিশ জানিয়েছে, আটক রেজাউল করিম ঝুমুরের সাবেক স্বামী। ঘটনার দিন ঝুমুর তাঁর দূরসম্পর্কের দুই আত্মীয়কে সঙ্গে নিয়ে বাইরে বের হয়েছিলেন। এ সময় রেজাউল তাঁদের পিছু নেয়। বিষয়টি টের পেয়ে ঝুমুর মধ্য বাড্ডার বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বাসার ফটক দিয়ে প্রবেশের সময় পেছন থেকে ঝুমুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন রেজাউল। ঝুমুরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে রেজাউলকে আটক করে পুলিশে দেয়।
গুরুতর আহত অবস্থায় ঝুমুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেজাউলের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে অন্য এক ব্যক্তিকে ঝুমুর বিয়ে করেছিলেন। এই ক্ষোভ থেকেই তিনি হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। তবে অন্য কোনো কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই নাসির উদ্দিন।



